হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক চমকপ্রদ কিছু বিষয় ঘটেছে। সন্দেহভাজন চীনা গুপ্তচর এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাঁকে পদ থেকে সরানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে আবারও কোম্পানিটির শীর্ষ পদে ফিরেছেন তিনি।
হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণার পর সোমবার এনভিডিয়ার শেয়ারমূল্য বেড়েছে ৩০ শতাংশের বেশি। জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদমূল্য বেড়েছে ৩৩ দশমিক ৭ বিলিয়ন বা ৩ হাজার ৩৭০ কোটি ডলার। ফলে তাঁর সম্পদমূল্য হয়েছে ১৪৩ দশমিক ৮ বিলিয়ন বা ১৪ হাজার ৩৮০ কোটি ডলার। কোম্পানির বাজারমূল্য বেড়েছে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার। ট্রাম্প নিজেই জানিয়েছেন, কোম্পানিটির পরিচালনা পর্ষদকে তিনি এক বার্তা পাঠিয়েছিলেন, যার মূল বক্তব্য ছিল ‘আপনাদের বরখাস্ত করা হয়নি’। এ বার্তাই হুয়াংয়ের প্রত্যাবর্তনবিষয়ক সিদ্ধান্ত পরিবর্তনে মূল ভূমিকা রেখেছে।
বিশ্লেষণে বলা হয়েছে, মাত্র এক সপ্তাহ আগেও এনভিডিয়ার অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ স্পষ্ট জানিয়েছিল, হুয়াং আর ফিরছেন না। অন্তর্বর্তী ব্যবস্থাপনাও হুয়াংয়ের সময়ের ব্যবসায়িক কৌশল থেকে সরে এসে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়েছে।
বিশ্লেষকদের মতে, শেয়ারের মূল্যবৃদ্ধির বিচারে হুয়াংয়ের এই প্রত্যাবর্তন ওপেনএআইয়ে স্যাম অল্টম্যান কিংবা অ্যাপলে স্টিভ জবসের ফিরে আসার ঘটনা ছাড়িয়ে গেছে।
হুয়াংয়ের প্রত্যাবর্তনের পেছনে যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর পুনর্নিয়োগে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছিল মার্কিন সরকার। এমন আশ্বাস হোয়াইট হাউস থেকেই আসার কথা। এর প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প জানান, তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
গত সেপ্টেম্বর মাসে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হুয়াংয়ের যুক্তি ছিল, চীনের কাছে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ বিক্রির সুযোগ থাকা উচিত। তিনি মনে করেন, এনভিডিয়াকে চীনের বাজারে প্রবেশের সুযোগ দেওয়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্যও গুরুত্বপূর্ণ। হুয়াংয়ের গুরুত্বের জায়গা হলো, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং—উভয়ের সম্পর্কে ধারণা রাখেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চীনে প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে মতপার্থক্য ছিল। প্রশাসনের একাংশ চীনের কাছে উন্নত প্রযুক্তি বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষে। অন্য অংশ হুয়াংয়ের যুক্তির সঙ্গে একমত। তবে রপ্তানি নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়ে এনভিডিয়ার বিরুদ্ধে স্বাধীন তদন্ত এখনো চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা তৈরিতে এনভিডিয়ার চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই প্রযুক্তির সরবরাহব্যবস্থায় হুয়াংয়ের প্রভাব শুধু একক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, রাজনীতি ও চীনকেন্দ্রিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গেও তা জড়িয়ে আছে।
এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে এআই খাতের উত্থানের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। কারণটা হলো, যেসব প্রযুক্তিপ্রতিষ্ঠান ভৌত পণ্য বিক্রি করে, এনভিডিয়া তাদের মধ্যে অন্যতম। চলতি বছর কোম্পানিটির বিক্রি ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে, চার বছর আগেও যা ছিল মাত্র ২৭ বিলিয়ন বা ২ হাজার ৭০০ কোটি ডলার।
শেয়ারবাজারে এনভিডিয়ার উচ্চ বাজারমূল্য এআই খাতের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগের ক্ষেত্রে এনভিডিয়ার বাজারমূল্য বড় ভূমিকা রাখছে।
ঋণ, ঋণের নিশ্চয়তা ও শেয়ারের পারস্পরিক মালিকানার মাধ্যমে এআই খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্থায়নের জটিল চক্র গড়ে উঠেছে। এ চক্রই খাতটির বিনিয়োগ ও সম্প্রসারণে গতি জোগাচ্ছে। বিশ্লেষকদের ভাষায়, এ ব্যবস্থাকে বলা হয় ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়ন। অর্থাৎ একই খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্থায়নের এমন চক্র তৈরি হয়, যার মাধ্যমে পারস্পরিক ব্যবসা ও বিনিয়োগ টিকে থাকে।
হুয়াংয়ের বিদায়ের খবরে এই অর্থায়নব্যবস্থার স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অন্তর্বর্তী ব্যবস্থাপনা তুলনামূলকভাবে আরও সতর্ক বিনিয়োগ কৌশল গ্রহণের ইঙ্গিত দিয়েছিল। তবে চক্রাকার অর্থায়ন নিয়ে কিছু বিশ্লেষকের এখনো উদ্বেগ আছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার ও এআই সম্প্রসারণের বিরুদ্ধে জনমত বাড়ছে। দেশটির মধ্যবর্তী নির্বাচনে সেই অসন্তোষের প্রতিফলন দেখা গেছে।
এদিকে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্প ও জেনসেন হুয়াং—উভয়ের ভূমিকা তদন্তের ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহে কংগ্রেসে হাজির হওয়ার কথা হুয়াংয়ের।
ফলে এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে হুয়াংয়ের প্রত্যাবর্তন কেবল প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তনের ঘটনা নয়। এআই প্রযুক্তি, বৈশ্বিক বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও চীন-যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে তাঁর অবস্থান গুরুত্বপূর্ণ। বলা যায়, তিনি মধ্যবর্তী ভূমিকা পালন করছেন।
সে কারণেই দেখা গেল, জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়া কতটা কঠিন। এআই অর্থনীতিতে তাঁর অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্তও শেষ পর্যন্ত টেকেনি।