বৈদ্যুতিক গাড়ির জগতে ফেরারি, নকশা নিয়ে সমালোচনা

ফেরারির নতুন বৈদ্যুতিক গাড়ি লুচেছবি: রয়টার্স।

ফেরারির নতুন বৈদ্যুতিক গাড়ি লুচে, যার নকশার পেছনে রয়েছেন আইফোনের কিংবদন্তি ডিজাইনার স্যার জনি আইভ। ইতালীয় এই গাড়ি কোম্পানির ইতিহাসে এটি একেবারেই নতুন অধ্যায়। তবে গাড়িটি যেমন ব্যতিক্রমী, তেমনি এর বিরুদ্ধে সমালোচনার ঝড়ও নজিরবিহীন।

লুচের উন্মোচন ঘিরে এতটাই আগ্রহ ছিল যে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও পোপ লিওকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি বিলাসবহুল ব্র্যান্ড ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি)।

কিন্তু গাড়িটি বাজারে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচক, বিনিয়োগকারী এমনকি রাজনীতিকদের একাংশও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইতালীয় ভাষায় ‘লুচে’ শব্দের অর্থ ‘আলো’।

গাড়িটি উন্মোচনের পরদিনই ফেরারির শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়। একই সময়ে ৬ লাখ ৪০ হাজার ডলার মূল্যের এই গাড়ি নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে অসংখ্য ব্যঙ্গচিত্র ও কৌতুক। এটি ফেরারির ইতিহাসে প্রথম পাঁচ আসনের গাড়ি।

এমন সময় লুচে বাজারে এসেছে, যখন বৈশ্বিক গাড়িশিল্প নানা চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে চীনা গাড়ি কোম্পানিগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে পশ্চিমা ব্র্যান্ডগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

গর্জন তোলা পেট্রলচালিত সুপারকারের জন্য পরিচিত ফেরারি যে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনল, তা আদতে ব্র্যান্ডটির জন্য বড় ধরনের কৌশলগত পরিবর্তন। দীর্ঘদিন ধরে গাড়িশিল্পের বড় অংশ বিদ্যুতায়নের পথে হাঁটলেও ফেরারি সে পথে যেতে অনীহ ছিল।

পারফরম্যান্সের দিক থেকে লুচে অবশ্য সুপারকারের মর্যাদা ধরে রেখেছে। মাত্র আড়াই সেকেন্ডে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এই গাড়ি। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০৫ কিলোমিটারের বেশি। তবে গতি নয়, এর বিতর্কের মূল কারণ হলো নকশা।

ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা করদেরো দি মন্তেজেমোলো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, লুচে মডেলের গাড়িটির কারণে কিংবদন্তি কোম্পানি ফেরারির ধ্বংস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এমনকি তিনি গাড়িটি থেকে ফেরারির ঐতিহ্যবাহী লোগো সরিয়ে ফেলারও পরামর্শ দেন।

অস্ট্রেলিয়াভিত্তিক বিলাসবহুল গাড়ি ব্যবসায়ী ও সংগ্রাহক শন বেকার বিবিসিকে বলেন, তিনি ‘লুচে’কে ‘লুজার’ বা পরাজিত বলে ডাকেন। তাঁর ভাষায়, ফেরারি ছিল এমন এক ব্র্যান্ড, মানুষ একসময় যা কেনার স্বপ্ন দেখত, কিন্তু লুচে তাদের সেই ভাবমূর্তিতে আঘাত হেনেছে।

ফেরারির প্রচলিত মডেলের মতো আক্রমণাত্মক গড়ন নেই লুচের। বৈদ্যুতিক মোটরে নেই ফেরারির পরিচিত ইঞ্জিনের গর্জনও। ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, ‘এটাই কি উদ্ভাবন? এনজো ফেরারি (কোম্পানির প্রতিষ্ঠাতা) বেঁচে থাকলে কী বলতেন, তা-ই ভাবছি।’

সালভিনি আরও বলেন, দেখে মনে হয় না এটি দুই পা তুলে দাঁড়ানো ঘোড়ার সমতুল্য কোনো গাড়ি। অবশ্য সবাই যে সমালোচনা করেছেন, তা নয়। কেউ কেউ এটিকে নকশার অনন্য উদাহরণ হিসেবেও প্রশংসা করেছেন। তবে সমালোচকদের সংখ্যাই বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লুচের সঙ্গে কম দামের চীনা বৈদ্যুতিক গাড়ির তুলনাও করেছেন। ফেরারির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিনিয়া অবশ্য এসব তুলনা নাকচ করে দিয়েছেন।

ইভি বানিয়ে সমালোচিত

বৈদ্যুতিক গাড়ি তৈরির কারণে যে কেবল ফেরারি সমালোচনার মুখে পড়েছে, তা নয়। আরও অনেক কোম্পানিই সমালোচনার মুখে পড়েছে।

২০২৪ সালে জাগুয়ার ঘোষণা দেয়, তারা ভবিষ্যতে উচ্চমূল্যের বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড হবে। একই সঙ্গে তারা ‘টাইপ ০০’ নামের একটি কনসেপ্ট গাড়ি উন্মোচন করে; এই গাড়ি তাদের আগের যেকোনো মডেলের তুলনায় একেবারেই ভিন্ন।

সমালোচকদের মতে, দীর্ঘ বোনেট ও বড় চাকার ওই গাড়ি জাগুয়ারের ঐতিহ্য থেকে বিচ্যুতির প্রতীক। তখন জাগুয়ারের প্রধান নির্বাহী রডন গ্লোভার বলেছিলেন, ‘মানুষের নজর কাড়তে এবং আমাদের কথা জানান দিতে সাহসী ও ব্যতিক্রমী হওয়া ছাড়া উপায় নেই।’

আজ ফেরারিও একই ধরনের অভিযোগের মুখে, তারা নাকি নিজেদের পরিচয় হারিয়ে ফেলছে।

সিঙ্গাপুরের গাড়ি বিশ্লেষক জেমস ওয়ং লুচের অভ্যন্তরীণ নকশার প্রশংসা করলেও বলেন, পুরো গাড়িটি দেখে ফেরারি বলে চেনা কঠিন। টেকসই শিল্পবিশেষজ্ঞ জেসিকা চিয়ামের মতে, বাজারে তুলনামূলক কম দামের এবং প্রযুক্তিগতভাবে উন্নত বহু বৈদ্যুতিক গাড়ি থাকার পরও লুচের ‘চোখ কপালে তোলার মতো’ মূল্য অনেকের মনেই প্রশ্নের জন্ম দিচ্ছে।

তবে ফেরারিপ্রধান বেনেদেত্তো ভিনিয়ার দাবি, উদ্ভাবনের মূল্য হিসেবে এই দাম যৌক্তিক। এমনকি সম্ভাব্য ক্রেতারা ইতিমধ্যে এই গাড়ির বিষয়ে ব্যাপক সাড়া দিচ্ছেন, সে কথাও বলেন তিনি।

অন্যরা পুনর্বিবেচনা করছে

এদিকে ফেরারি যখন বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করছে, তখন কয়েকটি বড় ব্র্যান্ড আবার তাদের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবছে। প্রতিদ্বন্দ্বী সুপারকার কোম্পানি ল্যাম্বারগিনি দুর্বল চাহিদা এবং ক্রেতাদের পেট্রলচালিত ইঞ্জিনের প্রতি আগ্রহের কারণে বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাতিল করেছে।

লুচে উন্মোচনের পর ল্যাম্বারগিনির প্রধান নির্বাহী স্টেফান উইঙ্কেলমান বলেন, পুরোপুরি বৈদ্যুতিক মডেলের বদলে হাইব্রিড প্রযুক্তিতে জোর দেওয়া ছিল সঠিক সিদ্ধান্ত। তাঁর ভাষায়, ‘প্রতিটি ব্র্যান্ড ও কোম্পানিকে নিজেদের পথ বেছে নিতে হবে।’ পোর্শে, হোন্ডা, ফোর্ডসহ আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানও সম্প্রতি তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচি সীমিত করেছে।

অন্যদিকে বিলাসবহুল গাড়ির অন্যতম বড় বাজার চীনে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। সেখানকার ক্রেতাদের চাহিদা এ রকম: দাম হবে কম, কিন্তু ব্যাটারি সক্ষমতা থাকবে বেশি; সেই সঙ্গে থাকবে আধুনিক প্রযুক্তিগত সুবিধা।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যানুযায়ী, বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের বিশাল সরবরাহব্যবস্থার কারণে চীনে উৎপাদন ব্যয় বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অন্তত ৩০ শতাংশ কম। সরকারি ভর্তুকি ও প্রতিযোগিতার কারণে চীনা কোম্পানিগুলো একদিকে দাম কমাচ্ছে, অন্যদিকে প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে।

ফলে টেসলা ও ফক্সভাগেনের মতো পশ্চিমা কোম্পানিগুলোকেও চীনের বাজারে দাম কমাতে হয়েছে।

চীনের অনেক কোম্পানি এখন উচ্চমূল্যের গাড়ির বাজারেও প্রবেশ করছে। উদাহরণ হিসেবে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডির ইয়াংওয়াং ইউ ৯ মডেল ধরা যায়। প্রায় আড়াই লাখ ডলারের এই গাড়ি মাত্র ২ দশমিক ৩ সেকেন্ডে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে।

এ বাস্তবতায় লুচে দিয়ে ফেরারি সম্ভবত প্রচলিত সুপারকার ক্রেতাদের বদলে ভিন্ন ধরনের গ্রাহকদের লক্ষ্য করছে। জেসিকা চিয়ামের মতে, ফেরারির দীর্ঘদিনের অনুরাগীদের তুলনায় তরুণ ক্রেতারা বৈদ্যুতিক গাড়ির প্রতি বেশি আগ্রহী; লুচে তাদের কাছে আকর্ষণীয় হতে পারে।

জেমস ওয়ংয়ের মতে, প্রচলিত মডেলের ফেরারির তুলনায় ভিন্ন চেহারার কারণে লুচে নতুন গ্রাহকদেরও আকৃষ্ট করতে পারে, যাঁরা আগে কখনো ফেরারি কেনার কথা ভাবেননি। তবে তাঁর মতে, গাড়ির এই নকশা ফেরারির বিশ্বস্ত গ্রাহকদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা যাচাই করতে ফেরারির আগে থেকেই একটি সীমিত পর্যায়ের মতামত জরিপ করা উচিত ছিল।

জেমস আরও বলেন, আবার এমনও হতে পারে যে এত বড় বিতর্ক ও গণমাধ্যমে ঝড় তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা; ফেরারি আগে থেকেই সব ঠিক করে রেখেছিল।