১০০ বছর পর নাইজেরিয়ায় ব্যবসা গোটাচ্ছে শেল পেট্রোলিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০০ বছর কার্যক্রম পরিচালনার পর নাইজেরিয়ায় অনশোর তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বন্ধ করতে চলেছে ব্রিটিশ বহুজাতিক কোম্পানি শেল পেট্রোলিয়াম। ২৪০ কোটি মার্কিন ডলারে তাদের নাইজেরিয়ার অনশোর সাবসিডিয়ারি ইউনিটটি বিক্রি করবে। তবে নাইজেরিয়ায় নিজেদের অফশোর ব্যবসা অব্যাহত রাখবে ব্রিটিশ কোম্পানিটি। খবর রয়টার্সের

১৯৩০ সাল থেকে নাইজেরিয়ায় তেল ও গ্যাস ব্যবসায় যুক্ত রয়েছে শেল পেট্রোলিয়াম। অনশোর সংযোগ থেকে তেল ছড়িয়ে পড়া নিয়ে দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জের মুখে রয়েছে কোম্পানিটি। মূলত চুরি, নাশকতা ও পরিচালনজনিত বিভিন্ন সমস্যার কারণে তেল ছড়িয়ে পড়ছে। এর ফলে বছর বছর শেলের ব্যয় যেমন বাড়ছে, তেমনি পরিবেশ আইনের আওতায় করা অনেক মামলার মুখেও পড়তে হয়েছে। যেমন সাম্প্রতিক বছরগুলোতে নাইজার ব-দ্বীপে তেল ছড়িয়ে পড়ার কারণে একাধিক ক্ষতিপূরণ মামলার মুখে পড়ে শেল।

এসব কারণে ২০২১ সাল থেকেই নাইজেরিয়ায় অনশোর তেল ও গ্যাস ব্যবসা বিক্রির চেষ্টা করছে শেল। অবশেষে চলতি বছরের শুরুতে সেই প্রক্রিয়ার দ্বারপ্রান্তে এসেছে কোম্পানিটি। নাইজেরিয়ায় শেলের অনশোর সাবসিডিয়ারির নাম দ্য শেল পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট কোম্পানি অব নাইজেরিয়া (এসপিডিসি)। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নাইজেরিয়ার স্থানীয় পাঁচটি কোম্পানির একটি কনসোর্টিয়ামের কাছে প্রায় ২৪০ কোটি ডলারে এসপিডিসি বিক্রি হচ্ছে।

নাইজেরিয়ায় শেলের কার্যক্রম কমিয়ে আনা একটি উল্লেখযোগ্য ঘটনা এবং একটি বৃহত্তর প্রবণতার অংশ। কারণ, গত কয়েক বছরে দেশটি থেকে বেশ কয়েকটি বিদেশি বহুজাতিক জ্বালানি কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এক্সন মবিল, ইতালির এনি ও নরওয়ের ইকুইনোরের মতো প্রতিষ্ঠান। এদের সবাই ইতিমধ্যে নাইজেরিয়ায় তাদের সম্পদ বিক্রির চুক্তি করেছে।

মূলত লোকসান কমানো ও সম্ভাব্য নতুন লাভজনক জায়গায় ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এসব কোম্পানি নাইজেরিয়া ছেড়ে যাচ্ছে। শুধু নাইজেরিয়া নয়, বিশ্বের অন্যান্য অলাভজনক অঞ্চল থেকেও কার্যক্রম গুটিয়ে নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো। যেমন ব্রিটিশ বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেল পেট্রোলিয়াম গত বছরের জুনে পাকিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়। পাকিস্তানে ৭৭ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে শেল। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বড় ধরনের আর্থিক সংকট ও অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি মুদ্রা রুপিরও ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। এ ছাড়া পাকিস্তান সরকারের কাছ থেকে ঠিকভাবে পাওনা অর্থ ফেরত না পাওয়ায় ২০২২ সালে ক্ষতির মুখে পড়ে শেল পাকিস্তান।

শেলের আপস্ট্রিম (তেল-গ্যাস অনুসন্ধান ও উত্পাদনে যুক্ত) প্রধান জো ইউজনোভিচ বলেন, ‘এই চুক্তি শেলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নাইজেরিয়ায় আমাদের অফশোরসহ সমন্বিত তেল-গ্যাস ব্যবসায় আরও সুশৃঙ্খল বিনিয়োগ করা সম্ভব হবে।