সানজানার মতো অনেক প্রযুক্তিকর্মী এখন চাকরি খোঁজার লড়াইয়ে
প্রায় ছয় বছর ধরে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটে কাজ করেছেন ভারতীয় নাগরিক সানজানা ঘোষ (ছদ্মনাম)। চাকরি করা সর্বশেষ প্রতিষ্ঠানটিতে তিনি একজন টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ওই পদে তাঁর দায়িত্ব ছিল ডেটা বিশ্লেষণ করা। মাঝেমধ্যে তিনি কোম্পানির রাজস্ব ব্যবস্থাপনার দিকটিও দেখতেন।
এক মাস হলো মাইক্রোসফট থেকে চাকরি হারিয়েছেন সানজানা ঘোষ। এর পর থেকে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করেন তিনি। কিন্তু কোথাও তিনি একটি সাক্ষাৎকারের জন্যও ডাক পাননি।
সানজানা জানান, চাকরি হারানোর পর গত এক মাসে তিনি যেসব পদের জন্য আবেদন করেছেন, তার অধিকাংশই তাঁর কাজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। কিছু চাকরির জন্য তাঁর অভিজ্ঞতা খুব বেশি ছিল। আবার কিছু চাকরিতে যে বেতন প্রস্তাব করা হয়েছে, তা ছিল খুবই কম।
সানজানা ঘোষ একটি ব্যতিক্রম উদাহরণ নয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারতে বড় বড় প্রযুক্তি ও স্টার্টআপ কোম্পানি থেকে উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী ছাঁটাই হয়েছে। ফলে সানজানার মতো প্রযুক্তি খাতের অনেক কর্মীই এখন নতুন চাকরি খোঁজা নিয়ে বিপাকে রয়েছেন।
ওই খবরে বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক অবস্থায় এমনিতেই চাকরির বাজার সংকুচিত হয়েছে। এ কারণে সবাই কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাচ্ছেন না। তবে চাকরিপ্রার্থীদের তরফেও ‘সমস্যা’ রয়েছে। কারণ, যেসব চাকরি সচরাচর পাওয়া যাচ্ছে, দেখা গেছে, প্রার্থীরা তার তুলনায় বেশি যোগ্য। আবার পছন্দমতো কাজ পেলেও এর জন্য অনেক কম বেতন প্রস্তাব করা হচ্ছে। ফলে চাকরি করব, না বিকল্প চাকরি খুঁজব—এমন সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে প্রার্থীদের।
দেবলীনা দাস সরকারের গল্পটাও অনেকটা কাছাকাছি। আনএকাডেমি নামের একটি অনলাইন চাকরি খোঁজার প্ল্যাটফর্মে গুণমান বিশ্লেষক পদে কাজ করতেন দেবলীনা। চলতি বছরের শুরুতে তিনি সেই চাকরি হারান। তিন মাস খোঁজার পর সম্প্রতি তিনি একটি চাকরি খুঁজে পেয়েছেন।
দেবলীনা দাস বলেন, ‘যখন ছাঁটাই করা হয়, তখন চাকরির বাজারের মুখোমুখি হওয়ার মতো পর্যাপ্ত প্রস্তুতি আমার ছিল না। এমনিতেই এখন বিভিন্ন কোম্পানি চাকরি থেকে লোক ছাঁটাই করছে। তার ওপর চাকরির বাজারে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তাই নতুন চাকরি পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং ছিল।’
আবার রাম যাদবের (নাম পরিবর্তিত) মতো অনেকে আগের চাকরির চেয়ে অনেক কম বেতনে নতুন চাকরিতে যোগ দিয়েছেন। ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি করতেন রাম যাদব। তিনি বলেন, ‘যেসব নিয়োগকারীর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, তারা অনেক কম বেতন প্রস্তাব করছেন। আমি এটিও করতে প্রস্তুত, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি।’
কর্মী নিয়োগ পরিষেবা দেওয়া কোম্পানি সিআইইএল এইচআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিত্য মিশ্র বলেন, ছাঁটাই প্রক্রিয়ার কারণে যোগ্য প্রার্থীর সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে নতুন অর্থায়ন কম থাকায় খরচ বাঁচাতে স্টার্টআপগুলো চাহিদার তুলনায় কম কর্মী নিয়োগ দিচ্ছে। এমনকি বড় বড় প্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠানও কম পরিমাণে লোক নিয়োগ করছে।