আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ওয়াল্ট ডিজনি
দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই শুরু করেছে ওয়াল্ট ডিজনি। এবারের ছাঁটাইয়ে সাত হাজার কর্মী চাকরি হারাবেন বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানটি এর আগে ফেব্রুয়ারি মাসে কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। খবর বিবিসির।
ওয়াল্ট ডিজনি বড় ধরনের চাপের মুখে আছে। তাদের ঐতিহ্যবাহী টেলিভিশন ও চলচ্চিত্রের ব্যবসা সংকুচিত হয়েছে। নতুন প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মেলাতে তারা যে স্ট্রিমিং সেবা চালু করেছিল, সেই ইউনিটও বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছে।
ওয়াল্ট ডিজনির প্রধান নির্বাহী বব ইগার গত ফেব্রুয়ারি মাসে ৫৫০ কোটি ডলার ব্যয় কমানোর ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। এই সপ্তাহে যত কর্মী ছাঁটাই হবেন, তাতে এখন পর্যন্ত ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা দাঁড়াতে পারে চার হাজার।
ডিজনি জানিয়েছে, ক্রীড়া চ্যানেল ইএসপিএন ও ফিল্ম স্টুডিও থেকে কর্মী ছাঁটাই করা হবে। তবে সম্মুখসারির কর্মীরা এই ছাঁটাইয়ের শিকার হবেন না।
ডিজনির কর্মকর্তারা বলছেন, ‘অনেক সহকর্মী ও বন্ধু ডিজনি ছেড়ে চলে যাবেন, এটা মোটেও হালকা বিষয় নয়।’
মিডিয়া সংস্থাগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করতে এবং গ্রাহকদের ধরে রাখতে একসময় অনেক ব্যয় করেছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা এখন মুনাফার দিকে বেশি নজর দিচ্ছেন। সেই সঙ্গে ব্যয়ও বেড়েছে। ফলে, বেশির ভাগ প্রতিষ্ঠান খরচ কমাতে এবং মুনাফা বাড়াতে অপ্রয়োজনীয় খরচ কমাচ্ছে। বিনোদনজগতে তার বড় ধরনের প্রভাব পড়ছে।
শুধু ছাঁটাই নয়, কনটেন্ট তৈরিতেও ব্যয় কমাতে চাইছে ডিজনি। এ খাতেও তারা ৩০০ কোটি ডলার ব্যয় সাশ্রয়ের পরিকল্পনা করছে।
গত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি যে ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল, তা গত বছরের ১ অক্টোবর পর্যন্ত কোম্পানিতে নিযুক্ত ২ লাখ ২০ হাজার কর্মীদের প্রায় ৩ শতাংশ।
ডিজনি গত মাসের শেষ দিকে প্রথম দফা বিজ্ঞপ্তি দিয়ে চাকরি ছাঁটাই শুরু করে। এই সপ্তাহে ছাঁটাই হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ইএসপিএনের মুখপাত্র মাইক সোল্টিস। তিনি চার দশকেরও বেশি সময় ডিজনির হয়ে কাজ করেছেন।
মাইক সোল্টিস টুইটারে রসিকতা করে বলেন, ‘ইএসপিএনের মুখপাত্র হিসেবে আমার চূড়ান্ত বিবৃতি: ৪৩টি দারুণ বছর। বাহ! আমরা তাঁর জন্য শুভকামনা করি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ডিজনির ৫০ হাজারের বেশি কর্মী আছেন। তবে এই আন্তর্জাতিক কর্মীদের মধ্যে কতজন ছাঁটাইয়ের শিকার হবেন, সে বিষয়ে বিবিসি জানতে চাইলেও ডিজনি কিছু বলেনি।