অ্যাপল এখন তিন লাখ কোটি ডলার মূল্যমানের একমাত্র কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের মূল্যমান এখন তিন লাখ কোটি ডলার
রয়টার্স

শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বাজার মূলধন তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলার ছাড়ায়। এরপর সেদিন লেনদেন সমাপ্তির পরও অ্যাপলের বাজার মূলধন তিন লাখ কোটি ডলারের ওপরেই ছিল।

রেফিনিটিভ ডেটার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপলের শেয়ারদর ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৩ ডলারে ওঠে। দিনের লেনদেন শেষে কোম্পানির বাজার মূলধন তিন লাখ পাঁচ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
তবে এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালের জানুয়ারিতে বৈশ্বিক পুঁজিবাজারে প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার মূলধন তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক এই কোম্পানি ২০২২ সালের ৩ জানুয়ারি খুবই অল্প সময়ের জন্য বাজার মূলধনের ভিত্তিতে তিন লাখ কোটি ডলারের ওপরে উঠেছিল। কিন্তু দিন শেষে শেয়ারেরর দাম আবার পড়ে যায়, ফলে অ্যাপল আর তিন লাখ কোটি ডলারের ঘরে থাকতে পারেনি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, মে মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির হার এপ্রিল মাসের চেয়ে কম ছিল। এ খবরে অ্যাপল, এনভিডিয়া ও টেসলার মতো বড় বড় কোম্পানির শেয়ারদর অনেকটা বেড়েছে।
গত এক বছরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার অনেকটা কমেছে। ফলে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধির শেষ পর্যায়ে চলে এসেছে, এমন ধারণা থেকে ওয়াল স্ট্রিটের বেশ কিছু বড় কোম্পানির শেয়ারদর এ বছর বেড়েছে। এর মধ্যে অ্যাপলের শেয়ারদর বেড়েছে ৪৯ শতাংশ।

অ্যাপলের সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির রাজস্ব ও মুনাফা উভয়ই কমেছে, তা সত্ত্বেও বাজারের প্রত্যাশার চেয়ে তা বেশি ছিল। সেই সঙ্গে অ্যাপল অনেক শেয়ার বাইব্যাক করে, সে কারণে এই অর্থনৈতিক অনিশ্চয়তার যুগে অনেক বিনিয়োগকারী অ্যাপলের দিকে ঝুঁকেছেন। তাই কোম্পানির শেয়ারদরও বেড়েছে।
বাজার গবেষণাকারী কোম্পানি বি রাইলি ওয়েলথের প্রধান বাজার বিশ্লেষক আর্ট হোগান রয়টার্সকে বলেন, অ্যাপল এযাবৎকাল বিশ্বের অন্যতম সেরা কোম্পানি, এই মাইলফলক তারই স্মারক। অ্যাপল সব সময় বড় হচ্ছে, বিভিন্ন উৎস থেকে রাজস্ব আহরণ করছে এবং সেই সঙ্গে শেয়ার বাইব্যাক করছে, ভালো লভ্যাংশ দিচ্ছে, শক্তিশালী ব্যালান্স শিটের সঙ্গে নগদ প্রবাহও গতিশীল রেখেছে তারা—সব মিলিয়ে অ্যাপল ভালো অবস্থায় আছে।

এদিকে জুন মাসে অগমেন্টটেড রিয়্যালিটি হেডফোন নিয়ে এসেছে অ্যাপল। আইফোনের পর এটাই তাদের সবচেয়ে দামি ও ঝুঁকিপূর্ণ পণ্য বলে মনে করছেন বিশ্লেষকেরা। সেই হেডসেট আসার পর অ্যাপলের শেয়ারদর ৭ শতাংশ বেড়েছে, যদিও একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের মোট চারটি কোম্পানির বাজার মূলধন এখন এক লাখ কোটি ডলারের ওপরে-অ্যাপল, অ্যামাজন, এনভিডিয়া ও মাইক্রোসফট। অ্যাপলের পর অবশ্য মাইক্রোসফটেরই স্থান, তাদের বাজার মূলধন আড়াই লাখ কোটি ডলার।
অ্যাপল ছাড়া চলতি বছর টেসলা ও মেটার শেয়ারদর দ্বিগুণ হয়েছে। এনভিডিয়ার শেয়ারদর ১৯০ শতাংশের বেশি বেড়েছে, তাতে তারাও ট্রিলিয়ন ডলারের ক্লাবে ঢুকে গেছে।