সুদহার বাড়ানোর পথে হাঁটছে না চীন, ইউয়ানেরও দরপতন ঘটছে
নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। মে মাসে তা স্থিতিশীল রাখার মধ্য দিয়ে টানা ৯ মাস চীনের সুদহার অপরিবর্তিত রাখা হলো।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, নীতি সুদহার হ্রাস করা হবে, বাজারের তেমন প্রত্যাশাও ছিল না। কারণ হিসেবে ইউয়ানের দরপতন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিভিন্ন সিকিউরিটিসের সুদহারের পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে।
চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বছরের প্রথম প্রান্তিকে ভালো প্রবৃদ্ধি হওয়ার পর দেশটির প্রবৃদ্ধির গতি কমতে শুরু করে। গত বছরের শেষ দিকে দেশটি কোভিডজনিত বিধিনিষেধ তুলে নিতে শুরু করলে পরিস্থিতির উন্নতি হচ্ছিল, তবে তার গতি আবার কিছুটা কমে গেছে।
পুঁজি পাচারের ঝুঁকির বিবেচনায় অনেক বিশ্লেষক মনে করছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ পিপলস রিপাবলিক ব্যাংক অব চায়না (পিবিওসি) বাণিজ্যিক ব্যাংকের নগদ জমার হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে।
আজ সোমবার দিনের শুরুতে চীনের এক বছর মেয়াদি বন্ডের প্রিমিয়াম হার ছিল ৩ দশমিক ৬৫। পাঁচ বছর মেয়াদি ঋণের বন্ডের সুদহার ৪ দশমিক ৩০–এ অপরিবর্তিত ছিল।
২৬ জন বিশ্লেষককে নিয়ে রয়টার্স যে জরিপ চালিয়েছে, তাতে ২৩ জনেরই পূর্বাভাস ছিল, এই মাসে বন্ডের সুদহার অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদেরা এক নোটে বলেছেন, এপ্রিল মাসে চীনের অর্থনীতি গতি হারালেও দেশটি বড় ধরনের প্রণোদনার দিকে যাবে, এমনটা তাঁরা মনে করছেন না। কারণ হিসেবে তাঁরা বলেন, চীন যে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা সীমার মধ্যেই আছে। বরং সম্পদ খাতের ঝুঁকি ও তরুণদের বেকারত্বের মতো বিষয়ে আরও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তাঁরা।
গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদেরা মনে করছেন, মুদ্রানীতির মধ্যে নীতি সুদহার হ্রাসের চেয়ে বরং নগদ জমার হার হ্রাসের সম্ভাবনা বেশি—ইউয়ানের দরপতন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সিকিউরিটিসের সুদহারের পার্থক্যের কারণে এমনটা হতে পারে।
এদিকে চীনা মুদ্রা ইউয়ানের দরপতন হচ্ছে। গত সপ্তাহে এক ডলারের মান সাত ইউয়ান ছাড়িয়ে যায়, আজও তা সাত ইউয়ানের ওপরে রয়েছে। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সাত হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ সংখ্যা। অর্থাৎ ডলারের দর এর ওপরে চলে গেলে তার মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে।
এদিকে ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদেরা গত সপ্তাহে বলেছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার না কমিয়ে ঋণের প্রবৃদ্ধি নিশ্চিত করতে চায়, এপিল মাসে যা কমে গেছে। দেশটির অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায় ঋণের প্রবৃদ্ধি থাকবে বলে তাঁরা মনে করছেন।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদেরা আরও মনে করেন, ঋণের সুদহার কমানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদ্যমান ঋণের হারও কমে যাবে, যার কারণে তাদের বিদ্যমান নিট সুদের মার্জিনে চাপ পড়বে, যা ইতিমধ্যে অনেক কম।