আবারও অপরিশোধিত তেলে উইন্ডফল ট্যাক্স আরোপ করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

ভারতে স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত পেট্রোলিয়ামের ওপর আবার উইন্ডফল করারোপ করা হয়েছে। অপরিশোধিত পেট্রোলিয়ামের ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক বা এসএইডি প্রতি মেট্রিক টনে ১ হাজার ৬০০ রুপি করা হয়েছে। আজ শনিবার থেকেই তা কার্যকর হবে। ভারতের সরকারি এক নথির সূত্রে এ খবর দিয়েছে ইকোনমিক টাইমস।

ডিজেল, পেট্রল ও বিমানের জ্বালানির ওপর উইন্ডফল ট্যাক্স অপরিবর্তিত রেখেছে ভারত সরকার। ভারত মে মাসে প্রতি টন অপরিশোধিত পেট্রোলিয়ামের ওপর উইন্ডফল কর বাতিল করে, এর আগে যা ছিল টনপ্রতি ৪ হাজার ১০০ রুপি।

অন্যান্য দেশের মতো গত বছরের জুলাই মাসে ভারত সরকার অপরিশোধিত তেল উৎপাদনকারীদের ওপর উইন্ডফল করারোপ করা হয়। সেই সঙ্গে তারা গ্যাসোলিন, ডিজেল ও এটিএফের ওপর লেভি বা কর বৃদ্ধি করে। পেট্রল, ডিজেল ও জেট ফুয়েলের শুল্ক হার হ্রাস করা হলেও স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের ওপর বিশেষ আবগারি শুল্ক আরোপ করা হয়েছে।

মূলত বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর কারণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত প্রতি ১৫ দিন পরপর আগের দুই সপ্তাহের তেলের গড় দামের ওপর এই করহার নির্ধারণ করা হয়। উৎপাদনকারীরা যখন অতিরিক্ত লাভ করেন, তখনই তাদের ওপর উইন্ডফল করারোপ করা হয়।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির রাশ টানতে নীতি সুদহার বৃদ্ধির ধারা চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম আবার ৮০ ডলার ছাড়িয়েছে।

গত বুধবারের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পণ্যের দাম গত জুনে তেমন একটা বাড়েনি। এ কারণে গত জুনে মূল্যস্ফীতির হার ছিল দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এ বাস্তবতায় ইউএস ডলারে ইনডেক্সের মান গত এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে ডলারের বিনিময় হার হ্রাসের কারণে তেল আমদানিকারী দেশগুলোর আমদানি ব্যয় কমেছে।

সম্প্রতি নাইজেরিয়া ও লিবিয়ার তেল সরবরাহ কমে যাওয়াও তেলের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। গত দুই সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম ১১ শতাংশের বেশি বেড়েছে।

এ ছাড়া শীর্ষ তেল উৎপাদনকারী দেশ যেমন সৌদি আরব ও রাশিয়া তেল সরবরাহ কমানোর কারণেও তেলের দাম বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) ভবিষ্যদ্বাণী করেছে, চলতি বছর তেলের চাহিদা রেকর্ড হারে বাড়বে, যদিও বৈশ্বিক অর্থনীতির ধীরগতি ও সুদহার বৃদ্ধির কারণে তেলের চাহিদা প্রত্যাশার তুলনায় কিছুটা কম হারে বাড়বে বলেই বিশ্লেষকেরা ধারণা করছেন।