আজ কমল সোনার দাম, ভরিতে ২,২১৬ টাকা

সোনার দাম কমেছেপ্রথম আলো গ্রাফিকস

আজ সোমবার দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। আজ দেশের বাজারে ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা।

সোনা ও রুপার নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনা ও রুপার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনা ও রুপার দাম কমে যাওয়া।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ ১৩ জুলাই নিউইয়র্কের স্থানীয় সময় ১২টা ৪১ মিনিট পর্যন্ত সোনার দাম কমেছে আউন্সপ্রতি প্রায় ৪০ ডলার। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ২৩৪ ডলার এবং গত ছয় মাসে কমেছে ৫৩৩ ডলার।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আজ মূল্যহ্রাসের আগে সোনার দর ছিল এ রকম: ২২ ক্যারেটের দাম প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম প্রতিভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

সেই সঙ্গে আজ ২২ ক্যারেট রুপার দাম কমে হয়েছে ভরিপ্রতি ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। ১৮ ক্যারেটের দাম কমে হয়েছে ৩ হাজার ৭৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম কমে হয়েছে ২ হাজার ৮৫৭ টাকা।