করের হার বাড়িয়েছে আইএমএফের ঋণের কিস্তি পেতে মরিয়া শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি পেতে পণ্য ও পরিষেবা করহার (জিএসটি) বৃদ্ধির ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। মূলত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় শ্রীলঙ্কায় ঋণের দ্বিতীয় কিস্তি পেতে ব্যর্থ হয়েছে। সে কারণেই এবার তারা রাজস্ব আদায় বাড়াতে এই ব্যবস্থা নিচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এএফপির খবরে বলা হয়েছে, আইএমএফের বেইল আউট প্যাকেজ পাওয়ার জন্য শ্রীলঙ্কা নাটকীয়ভাবে করহার বৃদ্ধি করেছে এবং জনগণকে যে ধরনের ভর্তুকি দেওয়া হতো, সেগুলো প্রত্যাহার করেছে বা তার হার কমিয়েছে।

ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ৩৩ কোটি ডলার পাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় শ্রীলঙ্কার ঋণের দ্বিতীয় কিস্তি আটকে দেয় আইএমএফ। শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে বলেছেন, সে কারণেই আরও একবার করহার বাড়ানোর প্রয়োজনীয়তা ছিল।

সাংবাদিকদের উদ্দেশ্যে বান্দুলা গুনাবর্ধনে বলেন, ঋণের দ্বিতীয় কিস্তি পেতে রাজস্ব আদায় বাড়াতে হবে, এর বিকল্প নেই। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে জিএসটির হার ১৫ থেকে ১৮ শতাংশ উন্নীত করা হবে।

মার্চে আইএমএফের সঙ্গে কলম্বোর সরকার ২৯০ কোটি ডলারের একটি ঋণ চুক্তি করে। চার বছর মেয়াদে এই অর্থ ছাড় করার কথা ছিল। কিন্তু দ্বিতীয় কিস্তির ৩৩ কোটি ডলারই সরকার হাতে পায়নি। এরপর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

আইএমএফ এরই মধ্যে তাদের ঋণ কর্মসূচির প্রথম পর্যালোচনা শেষ করেছে। সে কারণে সরকার আশা করেছিল যে গত মাসেই দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে। তবে আইএমএফ মতামত দিয়েছে, সরকার শর্তানুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি। এর জন্য দেশটিকে আরও কর আদায় করতে হবে বলে আইএমএফ মনে করে।

গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়। দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি ডলার। যেসব বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে, তাদের সঙ্গে নিয়ে ঋণ পুনর্গঠনের পরিকল্পনা এখনো শেষ হয়নি।