যুক্তরাষ্ট্রে তিন আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে, গ্রাহক খুঁজছেন বেশি সুদ
যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের ফলে ব্যাংক থেকে অর্থ তোলার হার বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে দেখা গেছে, দেশটির তিনটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে গ্রাহকেরা তা এমন প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন, যেখানে বেশি হারে সুদ পাওয়া যায়।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্টেট স্ট্রিট করপোরেশন এবং এমঅ্যান্ডটি ব্যাংক করপোরেশন—এই দুটি ব্যাংকের আমানত জানুয়ারি-মার্চ সময়ে ৩ শতাংশ কমেছে। চার্লস শোয়াব করপোরেশনের আমানত কমেছে ১১ শতাংশ।
এ খবরে গতকাল সোমবার স্টেট স্ট্রিট করপোরেশন ব্যাংকের শেয়ারদর ৯ দশমিক ২ শতাংশ কমেছে। তবে বাকি দুটি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় গত বছর থেকে নীতি সুদহার বৃদ্ধি করে চলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এতে ব্যাংকগুলোর সুদ-আয় বেড়েছে ঠিক, কিন্তু একই সঙ্গে অনিশ্চয়তা বেড়েছে। আবার সব ব্যাংক একই হারে সুদ-আয় করতে পারছে না।
শোয়াব ও এমঅ্যান্ডটির সুদ-আয় বেড়েছে। মুনাফা হয়েছে প্রত্যাশাতীত। কিন্তু স্টেট স্ট্রিট প্রত্যাশিত মুনাফা আয় করতে পারেনি।
ক্রেডিট সুইসের বিশ্লেষক সুসান কাটজকে এক গবেষণা নোটে লিখেছেন, স্টেট স্ট্রিটের নিট সুদ আয় কমে যাওয়ার কারণে আয় কমেছে। তাদের সুদবিহীন হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে গেছে বলে জানিয়েছে ব্যাংকটি।
এদিকে আইফোন নির্মাতা অ্যাপল ইনকরপোরেশন সোমবার সঞ্চয়ী হিসাব খোলার সেবা চালু করেছে। এ ক্ষেত্রে তাদের সহায়তা করছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। তাদের অ্যাপল কার্ড ব্যবহারকারীরা সঞ্চয়ী হিসাবে ৪ দশমিক ১৫ শতাংশ সুদ-আয় করতে পারবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের তথ্যে দেখা যায়, ৫ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৩ ট্রিলিয়ন বা ১৭ লাখ ৪৩ হাজার কোটি ডলার। দেশটির বড় ও মাঝারি ব্যাংকগুলো এই আমানত সমানভাবে পেলেও ছোট ব্যাংকগুলো পিছিয়ে আছে। সবচেয়ে বড় ব্যাংকগুলোর আমানত এখন সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আগের পর্যায়ে ফিরেছে।
আর্থিক সংকটের কারণে শোয়াব গত মাসে স্টক বাইব্যাক বন্ধ করে দেয়। তবে নিজেদের আর্থিক সক্ষমতা নিয়ে বাজারে যে উদ্বেগ আছে, তা প্রশমনের উদ্যোগ নিয়েছে তারা। বিনিয়োগকারীদের উদ্দেশে শোয়াবের প্রধান নির্বাহী ওয়াল্টার বেটিঞ্জার বলেছেন, ‘সাময়িকভাবে কাগজে-কলমে ক্ষতির মুখে পড়ে আমরা সিকিউরিটিজ বিক্রি করতে বাধ্য হব, এমন সন্দেহ দূরীভূত হয়েছে বলে আশা করি।’
ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচের জ্যেষ্ঠ পরিচালক বাইন রুমার রয়টার্সকে বলেছেন, অর্থ সংগ্রহের ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৩ সালে শোয়াবের নিট রাজস্ব কিছুটা কমতে পারে ঠিক, কিন্তু শোয়াবের যে আকার ও পরিধি, তাতে তাদের মুনাফার হার ঐতিহাসিক পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকা উচিত।