এবার বৈদ্যুতিক ট্রাক সরবরাহ শুরু করেছে টেসলা

বৈদ্যুতিক ভারী ট্রাক ‘সেমি’র সরবরাহ করা শুরু করেছে টেসলাছবি: রয়টার্স

প্রায় ৯ বছর আগে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বৈদ্যুতিক ভারী ট্রাক ‘সেমি’র সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেছিলেন। অবশেষে চলতি সপ্তাহে প্রথম দফায় গ্রাহকদের এই ট্রাক সরবরাহ দিতে শুরু করেছে তাঁর কোম্পানি টেসলা।

যুক্তরাষ্ট্রের নেভাদার স্পার্কসে টেসলার কারখানায় গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে।

দূরপাল্লার পণ্য পরিবহনের জন্য তৈরি ‘সেমি’ নামের এই ট্রাকের মাধ্যমে বাণিজ্যিক পণ্য পরিবহন বাজারে আরও বড় পরিসরে প্রবেশ করছে টেসলা। বৈদ্যুতিক সেডান ও এসইউভির জন্য পরিচিত কোম্পানিটি এমন সময়ে ভারী পণ্য পরিবহনের ট্রাক নিয়ে বাজারে প্রবেশ করছে, যখন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে।

অনুষ্ঠানে অবশ্য সেমি ট্রাকের উৎপাদনের পরিমাণ বা দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি টেসলা। শুধু নেভাদার কারখানায় বছরে ৫০ হাজার সেমি ট্রাক উৎপাদনের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছে কোম্পানিটি।

অনুষ্ঠানে ইলন মাস্ক উপস্থিত ছিলেন না। তবে এক ভিডিও বার্তায় তিনি ক্রেতাদের বলেন, ‘আপনারা যদি এখনো অর্ডার না দিয়ে থাকেন, তাহলে আরও অর্ডার দেওয়ার পরামর্শ দেব। তবে গাড়িটির জন্য অপেক্ষমাণ ক্রেতাদের তালিকা ইতিমধ্যে বেশ দীর্ঘ হয়ে গেছে।’

অনুষ্ঠানে পেপসিকো, ডিএইচএল ও ইউএস ফুডসসহ টেসলার কয়েকজন গ্রাহককে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। কারখানার বাইরে এসব প্রতিষ্ঠানের লোগোযুক্ত সেমি ট্রাকও রাখা হয়েছিল।

দূরপাল্লায় চলাচলের উপযোগী এই সংস্করণের সেমি ট্রাক পূর্ণ বোঝাই অবস্থায় একবার চার্জে ৫০০ মাইল বা প্রায় ৮০৫ কিলোমিটার যেতে পারে।

টেসলার সেমি ট্রাক প্রকৌশল বিভাগের পরিচালক ড্যান প্রিস্টলি বলেন, ‘এটি বাস্তব ব্যবহারে ৫০০ মাইল চলতে পারে। আমাদের গ্রাহকেরা তা যাচাই করেছেন।’ আর সেমির সাধারণ সংস্করণ একবার চার্জে ৩২৫ মাইল বা প্রায় ৫২৩ কিলোমিটার চলতে পারে।

২০১৭ সালে প্রথম সেমি ট্রাক উন্মোচন করে টেসলা। তখন বলা হয়েছিল, ২০১৯ সালে এটি উৎপাদন শুরু হবে।

অবশেষে চলতি বছরের এপ্রিলে বড় পরিসরের উৎপাদন লাইনে প্রথম সেমি ট্রাকটি তৈরি হয়। এ বছরই সেমির বড় পরিসরে উৎপাদন শুরুর পরিকল্পনা ছিল। তবে জুলাইয়ে শেয়ারহোল্ডারদের দেওয়া চিঠিতে টেসলা জানায়, সেমির উৎপাদন ২০২৬ সালে শুরু হবে।

২০২২ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে পেপসিকোর মতো গ্রাহকদের কাছে সীমিতসংখ্যক সেমি ট্রাক সরবরাহ শুরু করেছিল টেসলা। এরপর উৎপাদনে বিলম্ব, প্রতিযোগিতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়িবিষয়ক নীতিতে পরিবর্তনের কারণে ট্রাকটির চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

চলতি সপ্তাহে বিশ্বের বড় কয়েকটি পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানের জোট টেসলার কাছে ২ হাজার ৫০০টি সেমি ট্রাকের অর্ডার দিয়েছে। পরিচ্ছন্ন পরিবহন নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ক্যাটালিস্ট মোবিলিটি এ তথ্য জানিয়েছে। মাইক্রোসফট ও পেপসিকোর মতো প্রতিষ্ঠানও ওই জোটে রয়েছে।

ক্যাটালিস্ট মোবিলিটির তথ্য অনুযায়ী, ২ হাজার ৫০০টি ট্রাকের এই অর্ডারের সংখ্যা যুক্তরাষ্ট্রে বর্তমানে চলাচলরত বৈদ্যুতিক ক্লাস-৮ ট্রাকের মোট সংখ্যার প্রায় দ্বিগুণ।

এ ছাড়া গত মাসে সুইডেনের পণ্য পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠান আইনরাইড এবি তাদের বহরে ৫০০টি সেমি ট্রাক যুক্ত করার জন্য টেসলার সঙ্গে একটি চুক্তির কথা জানিয়েছে।