ভারতে আরও জমকালো ও ব্যয়বহুল বিয়ের আয়োজন, জুটিরা খুঁজছেন নতুন গন্তব্য
ভারতের বিয়েশাদি মানেই এলাহি কারবার, যে অনুষ্ঠান সম্পন্ন হতে কয়েক দিন পর্যন্ত লেগে যায়। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে মাঝে সেই ধারায় কিছুটা ছেদ পড়েছিল। লোকজন তখন ঘরোয়াভাবেই বিয়েশাদি সেরেছেন। কোভিড একরকম বিদায় নিয়েছে, তাই বিয়ের অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ রূপে ফিরেছে।
গত বছর দেখা গেছে, ভারতের ধনীরা বিমান ভাড়া করে দূরদূরান্তে বিয়ে করতে গেছেন। ইতালি তাঁদের অন্যতম প্রিয় গন্তব্য। গন্ডোলা ভাড়া করে তাঁরা ভেনিসের খাল পার করে অতিথিদের নিয়ে গেছেন; ইতালিয়ান পিয়াজা ভাড়া করে রাতের খাবারের আয়োজন করেছেন, যেখানে রান্না করেছেন বিশ্বের সেরা রাধুনিরা। আবার মন্টে কার্লোর বিখ্যাত ক্যাসিনো ভাড়া করেও বিয়ের অনুষ্ঠান করেছেন ভারতের ধনকুবেররা।
কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) বরাতে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে ৩২ লাখ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তাতে সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার কোটি রুপি ব্যয় হওয়ার কথা, কোভিডের আগে ২০১৯ সালের একই সময়ে যা ছিল ২ লাখ ৫০ হাজার কোটি রুপি। সিএআইটি আরও জানিয়েছে, অধিকাংশ বিয়েতে তিন লাখ থেকে এক কোটি রুপি ব্যয় হয়েছে।
তবে এই গড়পড়তা ব্যয়ের চেয়ে বেশি ব্যয় করার মতো আরও অনেক মানুষই আছেন ভারতে। ভারতীয় সেলিব্রিটিদের অতি প্রিয় বিবাহ আয়োজক দেবিকা নারায়ণ ইকোনমিক টাইমসকে বলেন, ২৫০ থেকে ৫০০ অতিথির জন্য তিনি যেসব বিয়ের আয়োজন করেন, তাতে ৮ কোটি ২২ লাখ রুপি থেকে ৪২ কোটি রুপি পর্যন্ত ব্যয় হয়। তাঁর মতে, বিয়েতে সাজানো, অলংকার ও অতিথিদের আপ্যায়নেই বেশি ব্যয় হয়।
ইকোনমিক টাইমসের নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, ভারতের কোনো বিলাসবহুল স্থানে পাঁচ তারকা হোটেলে ২০০ অতিথির জন্য দুই দিনের বিবাহ অনুষ্ঠান আয়োজনে তিন থেকে ছয় কোটি রুপি ব্যয় হয়।
ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক খুশনুমা কাপাডিয়া ইকোনমিক টাইমসকে বলেন, তাঁদের হোটেলে বিয়ের অনুষ্ঠানের বুকিং বেড়ে গেছে। এ ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব নেই বলে জানিয়েছেন তিনি। ম্যারিয়ট আশা করছে, ২০১৯ সালের তুলনায় চলতি বছর তাদের বিয়ের অনুষ্ঠান বাবদ রাজস্ব আয় ২০ থেকে ২৫ শতাংশ বাড়বে।
ভারতের ‘বিবাহশিল্পের’ বিশেষজ্ঞরা ধনীদের বিয়েতে এই ব্যয় বৃদ্ধির বিষয়কে মহামারির ওপর প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন। জুটিরা নিজেদের বিয়ে উদ্যাপন করতে চান, এ নিয়ে তাঁদের মধ্যে দুঃখবোধ নেই।
গত বছরের অক্টোবরে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্নাতক আলিয়া গুপ্ত ও ব্যবসায়ী হামান তানেজার বিয়ের অনুষ্ঠান হয় বাহরাইনের এক বিলাসবহুল হোটেলে। চার দিনের এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ জন অতিথি আসেন। পুরো বিয়েতে মোট ছয়টি অনুষ্ঠান ছিল।
আলিয়া বলেন, ‘আমাদের উভয়েরই বড় পরিবার, তাঁদের সবারই অনুষ্ঠানে যোগ দেওয়া গুরুত্বপূর্ণ ছিল।’
এ ধরনের আয়োজন ভারতীয় সমাজে নতুন কিছু নয়। বিয়ের ফটোগ্রাফি ও তথ্যচিত্র নির্মাণকারী সংস্থা হাউস অন দ্য ক্লাউডসের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ শর্মা বলেন, বিয়ের অনুষ্ঠানের জন্য ৩৫০ জন অতিথিকে নিয়ে ভ্রমণ করা এমন বড় কিছু নয়। অনেক বিয়ের অনুষ্ঠানে ৫০০ থেকে ৬০০ অতিথি ভ্রমণ করেন। ২০০ অতিথি থাকা মানে পরিবারের ঘনিষ্ঠ মানুষদের নিয়ে অনুষ্ঠান, বাইরের মানুষ সেখানে নেই।
সিদ্ধার্থ শর্মা আরও বলেন, সম্প্রতি ভারতের এক রাজনীতিক এক লাখ অতিথি নিয়ে অনুষ্ঠান আয়োজনের ব্যয় সম্পর্কে তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন।
এদিকে দেশের বাইরে বিয়ের অনুষ্ঠানের জন্য ভারতীয়দের সবচেয়ে প্রিয় গন্তব্য হচ্ছে ইউরোপ। সিদ্ধার্থ শর্মা ও তাঁর দলের সদস্যরা ২০২২ সালে ইউরোপের যেসব স্থানে ছবি তুলেছেন, সেগুলো হলো—প্যারিস, ইস্তাম্বুল, তুসকানি ও আমালফি উপকূল। এ বছর অবশ্য মানুষের আগ্রহ দেখা যাচ্ছে রোম, ইতালির লেক কোমো, কানকুন, মেক্সিকো, বুদাপেস্ট ও হাঙ্গেরি নিয়ে।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য ভারতীয়দের প্রিয় গন্তব্যের মধ্যে আরও আছে মধ্যপ্রাচ্য ও ফ্রান্সের দক্ষিণাঞ্চল। রাজস্থান ও গোয়াও ভারতীয়দের প্রিয় স্থান। চলতি বছরের জন্য এসব স্থানের বুকিং প্রায় শেষ, তাই জুটিরা যে স্থানই ফাঁকা পাবেন, সেখানেই বুকিং দেবেন।