ওয়েবসাইটে ত্রুটি, ১০ হাজার ডলারের বিমান টিকিট বিক্রি হলো কয়েক শ ডলারে
বিমানের বিজনেস ক্লাসের ১০ হাজার ডলার দামের টিকিট মাত্র কয়েক শ ডলারে কেনার এক বিরল সুযোগ কাজে লাগিয়েছেন ইগলদৃষ্টিসম্পন্ন অনেক ভ্রমণকারী। জাপানের অল নিপ্পন এয়ারলাইনস বা এএনএ–এর এই টিকিট এত সস্তায় পাওয়ার মূল কারণ হলো মুদ্রার বিনিময় হার ঠিক করার জন্য যে কনভার্টার ব্যবহার করা হয়েছিল, তাতেই গলদ ছিল।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, এএনএ জানিয়েছে, যাঁরা এই গলদ খেয়াল করে টিকিট কিনেছেন, তাঁদের সেই টিকিট বাতিল করা হবে না। তাঁরা সবাই ওয়েবসাইটে টিকিট কিনেছেন এবং সেখানেই টিকিটের পুরো মূল্য পরিশোধ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েবসাইটের এই ত্রুটির কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
তবে যেসব ক্রেতা শুধু টিকিট বুক করেছিলেন, কিন্তু দাম পরিশোধ করেননি, তাঁদেরকে বিজনেস ক্লাসের এই টিকিটের জন্য ‘সঠিক মূল্য’ পরিশোধ করতে হবে বলে বিমান সংস্থাটির একজন মুখপাত্র গতকাল বুধবার জানিয়েছেন।
বেশির ভাগ টিকিট ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ভ্রমণ শুরু করার। এসব যাত্রার মধ্যবর্তী গন্তব্য হলো জাপান এবং সর্বশেষ নিউইয়র্ক। তারপর সেখান থেকে ফিরতি ফ্লাইটে আবার দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফিরে আসা। ফিরতি এসব গন্তব্যের মধ্যে রয়েছে সিঙ্গাপুর ও বালি। আর এই ভ্রমণের পুরোটাই হবে দামি বিজনেস ক্লাসে।
জাপানি এয়ারলাইনসটি বলেছে, তাদের ভিয়েতনামের ওয়েবসাইটের একটি ত্রুটি থেকে এই ভুলের শুরু। ওই ওয়েবসাইটে একটি ত্রুটিপূর্ণ মুদ্রা বিনিময়ের সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল। বিমান সংস্থাটি বলেনি যে ঠিক কতজন সস্তায় টিকিট কাটতে পেরেছেন। তবে তারা জানিয়েছে, বর্তমানে তারা তদন্ত করে দেখছে যে ‘কেন এই সমস্যা হলো এবং ক্ষতির পরিমাণ কতটা বেশি’।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এমন মোক্ষম সুযোগ হয়তো জীবনে একবারই পাওয়া যায়। সফলভাবে যাঁরা টিকিট কিনতে পেরেছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে ব্লুমবার্গ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল।
জনি ওয়াং বিমান পরিবহনশিল্পে কাজ করেন। তিনি জাকার্তা থেকে জাপানের নারিতা বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের হনুলুলু পর্যন্ত আসা–যাওয়ার একটি টিকিট কিনেছেন এবং তার জন্য খরচ করেছেন ১ কোটি ৩০ লাখ ভিয়েতনামি ডং, মার্কিন মুদ্রায় যা ৫৫০ ডলারের সমপরিমাণ।
ওয়াং বলেন, ‘জীবনে এমন একটি মোক্ষম সুযোগ আসবে, তা আমি কখনো ভাবতেও পারিনি।’ ২৯ বছর বয়সী এই ব্যক্তি বলেন, কত তাড়াতাড়ি তাঁর ভ্রমণের বিস্তারিত তথ্য ওয়বসাইটে দেওয়া যায়, তা নিয়ে তিনি রীতিমতো চাপ অনুভব করছিলেন। তাঁর লক্ষ্য ছিল, এএনএ তাদের ত্রুটি বুঝে ওঠার আগেই যেন তিনি টিকিট কেনার প্রক্রিয়া শেষ করতে পারেন।
ওই রুটে বর্তমানে একই টিকিট বিক্রি হচ্ছে ৮ হাজার ২০০ মার্কিন ডলারে।
অবশ্য এটি এমন নয় যে কোনো একটি এয়ারলাইনস এই প্রথম দামি টিকিট ভুল করে এত সস্তায় বিক্রি করল।
ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজ ২০১৯ সালে একবার দুর্ঘটনাবশত ভিয়েতনাম থেকে নিউইয়র্ক রুটের প্রথম এবং বিজনেস ক্লাসের টিকিট সর্বনিম্ন ৬৭৫ ডলারে বিক্রি করেছিল। ওই টিকিটের স্বাভাবিক দাম হতে পারত সর্বোচ্চ ১৬ হাজার ডলার।
ওই বিমান সংস্থাও শেষ পর্যন্ত সেসব টিকিট বাতিল করেনি।