গুগল থেকে সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়ার দাবি
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়া হতে পারে। এআইভিত্তিক সেবা জেমিনির ছবি সৃষ্টি নিয়ে তৈরি ঝামেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রযুক্তি কোম্পানিগুলো এখন ক্রমেই এআইভিত্তিক হয়ে উঠলেও শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে গুগল কিছুটা পিছিয়ে আছে। বিশেষ করে চ্যাটজিপিটির তুলনায় তাদের স্থান অনেকটাই পেছনে। চ্যাটজিপিটি আসার পর গুগল বার্ড নিয়ে আসে; এরপর তার নামকরণ হয় জেমিনি। কিন্তু সেই জেমিনির ছবি তৈরি নিয়ে সৃষ্ট ঝামেলার কারণে বিতর্ক তৈরি হয়েছে, তার জেরে সুন্দর পিচাইকে গুগলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। বিজনেস ইনসাইডার সূত্রে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
গুগল এআইতে বিপুল বিনিয়োগ করলেও তাদের উদ্ভাবিত জেমিনি ভুলভাল ছবি তৈরি করছে, সে জন্য জেমিনির ছবি তৈরির প্রক্রিয়া থেমে গেছে। এই সেবা বন্ধ হয়ে যাওয়ার পর বড় ও শীর্ষ এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম অনেকটাই কমে গেছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনির এই দুর্গতি ও কোম্পানির স্টক মূল্য কমে যাওয়ার কারণে গুগলের পরিচালনা পর্ষদ সুন্দর পিচাইকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে।
ইন্টারনেট বিশ্লেষক ও লেখক বেন টম্পসন সাম্প্রতিক এক ব্লগপোস্টে লিখেছেন, ব্যবসা পুনরুদ্ধারে গুগলের খোলনলচে বদলে ফেলা দরকার। এর অর্থ হলো, যাঁদের কারণে এই মহাদুর্যোগ হলো, তাঁদের সরিয়ে দেওয়া।
তবে আরও অনেকেই এমন কথা বলছেন। ওপেনএআইয়ের সাবেক গবেষক গবেষক ও পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী অরবিন্দ শ্রীনিবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গুগলের বর্তমান ব্যবসা টিকিয়ে রাখতে হলে প্রধান নির্বাহী পদে পরিবর্তন আনা জরুরি।
সুন্দর পিচাই একই সঙ্গে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী। শ্রীনিবাস আরও বলেন, গুগলের প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে তিনি সবচেয়ে ভালো অবস্থানে আছেন। সেটা কোম্পানির ভেতর থেকে হোক বা বাইরে থেকে, বা তিনি নিজেও দায়িত্ব চালিয়ে যেতে পারেন।
গত দুই বছরে গুগলে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে। ডিসেম্বর মাসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা দেন সুন্দর পিচাই। কিন্তু পিচাইয়ের ‘দুর্দান্ত পারফরম্যান্স’-এ খুশি হয়ে ডিসেম্বর মাসেই গুগল তাঁর বেতন বিপুল পরিমাণে বাড়িয়েছে। একদিকে নিজের বেতন বৃদ্ধি, অন্যদিকে নিজের কোম্পানিতেই বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই, সে জন্য পিচাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল কোনো কোনো মহল। এবার জেমিনি নিয়ে মহাদুর্যোগ সৃষ্টি করায় পিচাইকেই সরিয়ে দেওয়ার ডাক উঠেছে।