বন উজাড় করে তৈরি এমন পণ্য কিনবে না ইইউ
কোনো পণ্যের উৎপাদন–প্রক্রিয়ায় কোম্পানি বন উজাড়ের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তা আমদানি ও বিক্রির অনুমতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় পার্লামেন্টে সম্প্রতি অনুমোদিত এক আইনে এমন বিধান রাখা হয়েছে।
অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এই আইনকে ‘যুগান্তকারী’ বলে বর্ণনা করেছে। আইসিআইজে এক প্রতিবেদনে বলেছে, কাঠের পণ্য, কফি, গরুর মাংস, পাম তেল, সয়া থেকে তৈরি পণ্য এমনকি চকলেটও ইউরোপের বাজারে আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হবে, যদি এসব পণ্যের উৎপাদন–প্রক্রিয়ায় কোম্পানির বন উজাড়ের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।
নতুন আইনে কোম্পানিগুলোকে ইউরোপে পণ্য আমদানির আগে ‘ডিউ ডিলিজেন্স’ প্রত্যয়ন তথা প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য সব তথ্য প্রকাশ করতে হবে। এই প্রত্যয়নের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে পণ্যগুলো কোনো উজাড় হওয়া বনভূমি থেকে আসেনি কিংবা তা কোনোভাবে বন ধ্বংসের সঙ্গে যুক্ত ছিল না।
আইনটি তৈরির সঙ্গে যুক্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ক্রিস্টোফ হ্যানসেন বলেন, নতুন এই আইন জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তাদের পরিবেশগত মূল্যবোধগুলো ধারণ করে এমন দেশগুলোর মধ্যে বাণিজ্য–সম্পর্ক আরও গভীর হবে।
ক্রিস্টোফ হ্যানসেন আরও বলেন, ইউরোপীয় ভোক্তারা এখন থেকে আশ্বস্ত হতে পারবেন যে চকলেট কিংবা কফি খাওয়ার মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে বন উজাড়ের সঙ্গে তাঁরা জড়িত নন।
প্রায় ১৮ মাসের বেশি সময় আগে আইনটি প্রথম প্রস্তাব করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে সেটি পাস করার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ সম্মতি দেওয়ার কথা জানায়। এর মাঝে আইসিআইজে ইইউতে পণ্য আমদানির ক্ষেত্রে পরিবেশগত অডিটিং এবং সার্টিফিকেশন প্রোগ্রামের ব্যাপক ত্রুটি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপরই দ্রুততম সময়ে নতুন আইনটি আনুষ্ঠানিকভাবে সম্মতি পায়।
এখন ইউরোপীয় কাউন্সিল দ্বারা আইনটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে হবে এবং আইনটি কার্যকর হওয়ার আগে তা ইইউর অফিসিয়াল জার্নালে প্রকাশ করা হবে।
আইসিআইজে ২৭টি দেশের সাংবাদিকদের নিয়ে ৯ মাস ধরে এ ব্যাপারে তদন্ত করে। অনুসন্ধানে তাঁরা পণ্য আমদানি–প্রক্রিয়ায় কাজ করা পরিবেশগত নিরীক্ষা সংস্থাগুলোর কাজে ব্যর্থতার প্রমাণ পেয়েছেন। অনুসন্ধানে বনজ উপাদান থেকে পণ্য উৎপাদন করে এমন ধরনের ৩৪০টির বেশি কোম্পানির বিরুদ্ধে পরিবেশগত ক্ষতি সৃষ্টির প্রমাণ পেয়েছে আইসিআইজে; কিন্তু পরিবেশগত নিরীক্ষা সংস্থাগুলো এসব দিক উপেক্ষা করে গেছে।
নতুন আইনের অধীনে বন উজাড়ের ঝুঁকির সঙ্গে যুক্ত দেশগুলোকে নিম্ন, মধ্যম ও উচ্চ—এই তিন শ্রেণিভুক্ত করে মূল্যায়ন করবে ইউরোপীয় কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কর্তৃপক্ষ পণ্যের উৎপত্তি মূল্যায়নের জন্য স্যাটেলাইট পর্যবেক্ষণ সরঞ্জাম এবং ডিএনএ বিশ্লেষণপদ্ধতি ব্যবহার করবে। নতুন আইন অমান্য করা কোম্পানিগুলোকে জরিমানা গুনতে হবে।