পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল
একটি পোশাক কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কিংবা প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) থাকা স্বাভাবিক। কিন্তু প্রতিষ্ঠানটিতে যদি একজন ‘প্রধান বিনোদন কর্মকর্তা’ থাকেন, তাহলে কিছুটা অবাক হওয়ারই কথা। বিশ্বখ্যাত মার্কিন পোশাক ব্র্যান্ড জিএপি বা গ্যাপ ঠিক এমনই একটি পদ তৈরি করেছে।
গ্যাপের মূল প্রতিষ্ঠান গ্যাপ ইনকরপোরেটেডের নতুন এই পদের নাম ‘চিফ এন্টারটেইনমেন্ট অফিসার’। মার্কিন করপোরেট–জগতে নতুন ধরনের এই পদের দায়িত্ব পেয়েছেন বিনোদনশিল্পে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্যাম কফম্যান।
দীর্ঘ ২৫ বছরের বেশি সময় মার্কিন বিনোদন প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালে কাজ করেছেন প্যাম কফম্যান। সেখানে জনপ্রিয় কার্টুন চরিত্র স্পঞ্জববকে টেলিভিশনের পর্দা থেকে সিনেমা, রেস্তোরাঁ ও পোশাকের বাজারে জনপ্রিয় করে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
বিনোদন কর্মকর্তা প্রয়োজন কেন
মূলত ক্রেতাদের মনোযোগ ধরে রাখতে বিপণনের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসতে চাইছে গ্যাপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য, শুধু বিজ্ঞাপনের মাধ্যমে পোশাক বিক্রি করা নয়; বরং গান, সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান ও ডিজিটাল বিনোদনের অংশ হয়ে ওঠা। এতে ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
মার্কিন সাময়িকী ফরচুনের সাম্প্রতিক এক প্রতিবেদনে গ্যাপের এই ব্যতিক্রমী ব্যবসায়িক কৌশল তুলে ধরা হয়েছে।
বিনোদন ব্যবসার হাতিয়ার
গত অক্টোবরে একদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে রুজভেল্ট ফিল্ড শপিং মলে জড়ো হয়েছিল কয়েক শ কিশোর–কিশোরী। মলটির দুটি তলা ভরে গিয়েছিল তাদের উপস্থিতিতে। সবার হাতে মুঠোফোন, চলছে ছবি ও ভিডিও ধারণ। কারণ, সেখানে হাজির হয়েছিল নতুন একটি বয় ব্যান্ড—নাম জেওয়াইটি বা ‘জাস্ট ইয়োর টাইপ’। ব্যান্ডটির পাঁচ সদস্যের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তরুণ ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ দেখেছে গ্যাপ।
প্যাম কফম্যান মনে করেন, বর্তমানে ব্যবসার সবচেয়ে মূল্যবান সম্পদ কোনো দোকানের তাক, বিজ্ঞাপন, বিপণিবিতান কিংবা ইনস্টাগ্রামের পোস্ট নয়; সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের মনোযোগ। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষের মনোযোগ ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বার্বি থেকে গ্যাপের নতুন পরিকল্পনা
গ্যাপে প্রধান বিনোদন কর্মকর্তার পদ তৈরির ধারণাটি এসেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ডিকসনের কাছ থেকে। তিনি ২০২৩ সালে গ্যাপ ইনকরপোরেটেডের দায়িত্ব নেন। প্রতিষ্ঠানটির বার্ষিক আয় এখন প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার। গ্যাপ ইনকরপোরেটেডের অধীনে রয়েছে গ্যাপ, ওল্ড নেভি, ব্যানানা রিপাবলিক ও অ্যাথলেটার মতো পরিচিত পোশাক ব্র্যান্ড।
গ্যাপে যোগ দেওয়ার আগে রিচার্ড ডিকসন ছিলেন খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলে। সেখানে তিনি বার্বি পুতুলকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বার্বিকে ঘিরে নির্মিত চলচ্চিত্রও বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায় এবং অস্কার পুরস্কার অর্জন করে।
গ্যাপে এসে ডিকসন একই ধরনের কৌশল প্রয়োগের উদ্যোগ নেন। ফ্যাশন ও বিনোদনকে একসঙ্গে নিয়ে আসার এই ধারণাকে বলা হচ্ছে ‘ফ্যাশনটেইনমেন্ট’। এরই অংশ হিসেবে তিনি খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও প্রজেক্ট রানওয়ে অনুষ্ঠানের বিচারক জ্যাক পোসেনকে গ্যাপের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন। তরুণ প্রজন্মের কাছে নিজেদের ব্র্যান্ডটির জনপ্রিয়তা বাড়াতে মডেল ও উদ্যোক্তা হেইলি বিবারের সঙ্গেও বিশেষ পোশাকের সংগ্রহ বাজারে আনে গ্যাপ।
২০২৩ সালের পর থেকে গ্যাপের শেয়ারের দাম ১২০ শতাংশের বেশি বেড়েছে। এরপর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কৌশলের দ্বিতীয় ধাপ হিসেবে বিনোদনকে আরও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন ডিকসন। এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পান প্যাম কফম্যান।
প্যাম কফম্যান কী করেন
গ্যাপে দায়িত্ব নেওয়ার পর প্যাম কফম্যানের প্রথম বড় উদ্যোগগুলোর একটি ছিল হলিউডের বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা। কফম্যান জানান, তাঁরা হলিউডের প্রতিষ্ঠানগুলোকে বোঝাতে চেয়েছেন যে গ্যাপ এখন বিনোদনশিল্পেও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে চায়।
গ্যাপের নতুন কৌশল শুধু সিনেমা বা ডিজিটাল কনটেন্ট তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি তার বিপণিবিতানগুলোকেও বিনোদনের সঙ্গে যুক্ত করতে চায়।
বিনোদনভিত্তিক এই কৌশল যে শুধু ব্র্যান্ডের পরিচিতি বাড়াবে, তা নয়; এর মাধ্যমে সরাসরি আয় বাড়ানোরও সম্ভাবনা রয়েছে বলে মনে করছে গ্যাপ। এ ক্ষেত্রে ম্যাটেলের ‘বার্বি’ চলচ্চিত্র একটি উল্লেখযোগ্য উদাহরণ।
গ্যাপের প্রধান বিনোদন কর্মকর্তা প্যাম কফম্যানের অধীনে বর্তমানে সাত সদস্যের একটি দল রয়েছে। দলের সদস্যরা মূলত বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহারের অনুমতি, অংশীদারত্ব ও নতুন বিনোদনমূলক উদ্যোগ তৈরির কাজ করেন। অন্যদিকে প্রতিষ্ঠানের বড় বিপণন বিভাগ এসব পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে।