টুইটারকে পেছনে ফেলতে থ্রেডস নিয়ে এল মেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে থ্রেডস নামে একটি নতুন অ্যাপ চালু করেছে মেটা, যা প্রথম দিন ৫০ লাখের বেশি গ্রাহক পেয়েছে। এর মধ্য দিয়ে টুইটারকে বড় ধরনের ধাক্কা দিতে চায় মেটা।

টুইটারের সঙ্গে থ্রেডসের অনেক মিল—লেআউট থেকে শুরু করে অনেক কিছুতেই। এত দিন ফেসবুক টুইটারের সঙ্গে প্রতিযোগিতা করতে টুইটারের অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুসরণ করেছে। এবার তারা টুইটারের মতো আরেকটি প্ল্যাটফর্ম নিয়ে এল। খবর সিএনএনের।

মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ থ্রেডসের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, অনলাইনে তাৎক্ষণিক কথোপকথনের জন্য বন্ধুত্বপূর্ণ সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা। মেটা বলেছে, এই অ্যাপে সর্বোচ্চ ৫০০ ক্যারেকটার পোস্ট করা যাবে। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েডের মাধ্যমে মোট ১০০টি দেশে চালু হয়েছে।

জাকারবার্গ আরও বলেছেন, থ্রেডস টুইটার থেকে আরও বেশি ব্যবহারকারীবান্ধব ও নিরাপদ।

অ্যাপটির মূল লক্ষ্য হচ্ছে, সমমনা মানুষদের একত্র করা, যেখানে তাঁরা নিজেদের মতামত দিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সহজেই তাঁদের পোস্ট থ্রেডসের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করতে পারবেন। যাচাইকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোও থ্রেডসে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে, জানিয়েছে মেটা। থ্রেডসে অ্যাকাউন্ট সর্বজনীন বা ব্যক্তিগত হিসেবে তালিকাভুক্ত করার সুবিধা আছে, যা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় সাহায্য করবে।

মেটার বিশাল ও ক্রমবর্ধমান ব্যবহারকারী এবং সম্পদের পরিপ্রেক্ষিতে থ্রেডসকে টুইটারের জন্য হুমকি হিসেবে দেখা যায়। গত সপ্তাহান্তে টুইটার তাদের অ্যাপ ব্যবহার করার সময় ব্যবহারকারীরা কতগুলো টুইট পড়তে পারবেন, তার ওপর অস্থায়ী সীমা আরোপ করেছিল। এর ফলে সপ্তাহজুড়ে টুইটারকে বেশ অসুবিধায় পড়তে হয়েছে। যদিও এই বিষয়ে টুইটারের মালিক ইলন মাস্ক বলেছেন যে চূড়ান্ত মাত্রার ডেটা স্ক্র্যাপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের সমস্যা সমাধানে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

অ্যাপটি চালু হওয়ার মাধ্যমে পৃথিবীর শীর্ষ দুই ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের মধ্যে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা যাচ্ছে। গত মাসে থ্রেডস সম্পর্কে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘আমি নিশ্চিত, সারা পৃথিবীর মানুষ জাকারবার্গের নিয়ন্ত্রণে থাকতে চাইবে না। যেখানে আর কোনো বিকল্প নেই, সে রকম ব্যবস্থায় মানুষ থাকতে চাইবে না।’

অক্টোবরে টুইটার অধিগ্রহণ করার পর থেকে মাস্ক প্ল্যাটফর্মটিকে লাভজনক পথে ফিরিয়ে আনার উপায় খুঁজছেন। এরই সূত্র ধরে টুইটার গত সোমবার ঘোষণা করেছে যে টুইট ডেক ব্যবহারকারীদের শিগগিরই অর্থ দিতে হবে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষ সহজেই বিভিন্ন অ্যাকাউন্ট অনুসরণ করতে পারেন।

এদিকে টুইটারও ফেসবুকের বিভিন্ন ফিচার প্ল্যাটফর্মে যুক্ত করছে। গত মে মাস থেকে টুইটার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে এনক্রিপ্টেড মেসেজিং সুবিধা যোগ করেছে।

গত মাস থেকেই থ্রেডস নিয়ে মাস্ক ও জাকারবার্গের ভার্চ্যুয়াল যুদ্ধ শুরু হয়েছে। গত মাসে মাস্ক জাকারবার্গকে বদ্ধ খাঁচার মধ্যে লড়াইয়ের আহ্বান জানান। থ্রেডস চালু হওয়ার পর তিনি দুটি কার্টুন স্পাইডার ম্যানের ছবি টুইাট করেছেন, যারা পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। লড়াইয়ের আহ্বানের পরিপ্রেক্ষিতে বলা যায়, এই ছবির প্রতীকী তাৎপর্য কম নয়। দুই শীর্ষ ধনীর লড়াই আরও তীব্র হবে ধারণা করা যায়।