আইএমএফের ঋণ না পেলে চীনের কাছে যেতে পারে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের জন্য ৬৫০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। ঋণের কিস্তি হিসেবে গত বছরের নভেম্বরে ১১০ কোটি ডলার পাওয়ার কথা ছিল দেশটির। কিন্তু নির্ধারিত সময়ের ১০০ দিন পার হয়ে গেলেও ঋণের টাকা পায়নি তারা। এ অবস্থায় আইএমএফের ঋণ পেতে আরও বিলম্ব হলে অর্থের জন্য চীনের কাছে যেতে পারে পাকিস্তান। পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।

দেশটির সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, বর্তমানে নগদ অর্থের সংকটে রয়েছে ২২ কোটির বেশি মানুষের দেশ পাকিস্তান। কিন্তু দেশটির এই গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে আইএমএফ অপেক্ষা করার নীতি গ্রহণ করেছে। এর ফলে দিন দিন পাকিস্তানে সংকট আরও বাড়ছে।

এমন অবস্থা দীর্ঘ সময়ের জন্য চলতে পারে না জানিয়ে পাকিস্তানের অর্থনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আইএমএফ হয় ঋণ কর্মসূচিকে পুনরায় চালু করবে, নয়তো তা বাতিল করা হবে। যদি আইএমএফ দ্রুত ঋণের অর্থ না দেয়, তবে সংকট মেটাতে দেশটির চীনের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

আইএমএফ নির্বাহী বোর্ড পাকিস্তানকে ৩ বছর বা ৩৬ মাসের পর্যালোচনা কর্মসূচির অধীনে পর্যায়ক্রমে ঋণ দেওয়ার কথা জানিয়েছিল। সে অনুসারে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের অর্থনৈতিক কর্মক্ষমতা মূল্যায়নের জন্য আইএমএফের পর্যালোচনা দল সফর শেষ করেছে। এখন সব শর্ত ঠিক থাকলে পাকিস্তানের জন্য ঋণ ছাড় করার কথা সংস্থাটির। কিন্তু এর পর কয়েক মাস পার হয়ে গেলেও ঋণের কিস্তির অর্থ পায়নি পাকিস্তান।

এমন পরিস্থিতিতে পাকিস্তান ইতিমধ্যেই আইএমএফের কর্মকর্তাদের কাছে নবম পর্যালোচনাটি দ্রুত শেষ করার জন্য আহ্বান জানিয়েছে। অন্যথায় আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের তথ্য আইএমএফকে অবহিত করবে না দেশটি।

দ্য নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের অর্থনীতিবিদেরা সরকারকে আইএমএফের বিকল্প হিসেবে চীনের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ও অর্থনীতিবিদ হাফিজ এ পাশা বলেছেন, যদি আইএমএফ এগিয়ে না আসে, তবে পাকিস্তানের কাছে চীনকে অনুরোধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এতে করে সংকট থেকে বেরিয়ে আসার একটি উপায় বের করতে পারবে ইসলামাবাদ।