যুক্তরাষ্ট্র: মার্চে নতুন চাকরি কমলেও করোনার আগের চেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের সামারভিলে চাকরির বিজ্ঞাপন।
রয়টার্স

চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে কর্মসংস্থান আরো বাড়বে বলে প্রত্যাশা করা হয়েছিল।

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই প্রবৃদ্ধির গতি কমেছে। আছে উচ্চ মূল্যস্ফীতির সমস্যা। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের হার মহামারির আগের সময়ের তুলনায় বেশি।

সিএনএনের সংবাদে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮৩ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

অথচ গত ১২ মাসে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ৪১ লাখ কর্মসংস্থান হয়েছে। সে হিসাবে প্রতি মাসে যুক্ত হয়েছে ৩ লাখ ৪১ হাজারর ৬৬৬টি নতুন কাজ। এতে বেকারত্বের হার এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেই তুলনায় মার্চ মাসে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৩৬ হাজার।

অর্থনীতিবিদদের ধারণা ছিল, মার্চ মাসে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরি হবে ২ লাখ ৩৯ হাজার, আর বেকারত্বের হার কমে দাঁড়াবে ৩ দশমিক ৬। কিন্তু ১২ মাসের মধ্যে মার্চেই প্রথম প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান হয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত মার্চ মাসের কর্মসংস্থানের তথ্যানুসারে, দেশটিতে বেকারত্বের হার ৩ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। মার্চের প্রতিবেদনে জানা গেছে, খুচরা বাণিজ্য, উৎপাদন, নির্মাণ ও তথ্য পরিষেবা শিল্পগুলোয় কর্মসংস্থান কমেছে।

কোভিড মহামারির কারণে ২০২০ সালের ডিসেম্বর মাসে কর্মসংস্থান কমে গিয়েছিল। এরপর এবারের মার্চ মাসে সবচেয়ে কম কর্মসংস্থান হলো। তবে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যেভাবে নীতি সুদহার বৃদ্ধি করছে, তার মধ্যেও বেশ বড় সংখ্যায় কর্মসংস্থান হয়েছে।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন মার্চ মাসে কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে নিকট ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের হার আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। সিএনএনের সংবাদে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে খালি কর্মের সংখ্যা ৯৯ লাখে নেমে এসেছে। বেসরকারি খাতে কর্মসংস্থান মার্চ মাসে ১ লাখ ৪৫ হাজারে নেমে এসেছে– যদিও প্রত্যাশা ছিল, এ সংখ্যা দুই লাখে উঠবে।
এদিকে আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত মার্চ মাসে ৮৯ হাজার ৭০৩ জন কর্মী ছাঁটাই হয়েছে, যা ফেব্রুয়ারির চেয়ে ১৫ শতাংশ বেশি।

ম্যানপাওয়ারগ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিম ম্যাককয় সিএনএনকে বলেন, ‘কিছু কিছু খাতে ছাঁটাই হয়েছে, কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে এটাকে আমি সতর্কঘণ্টা হিসেবে দেখতে নারাজ। প্রতি মাসেই কিছু না কিছু ঘটে—কখনো ছাঁটাই কমে, কখনো বৃদ্ধি পায়। আমি বিষয়টি সেভাবে দেখতে চাই।’