ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করে বিপাকে পড়েছে। দেশটির কৃষকেরাই এর বিরোধিতা করছেন। কৃষকদের দাবির মুখে সরকার ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিলেও কৃষকদের অভিযোগ, সেই দাম পাওয়া যাচ্ছে না। যদিও ভারত শুল্ক আরোপ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে।
মহারাষ্ট্রের সবচেয়ে বড় পেঁয়াজের বাজার নাশিকে তিন দিন নিলাম বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার চালু হলেও বেশিক্ষণ চলেনি। পাইকারি বাজারে পেঁয়াজের নিলাম শুরু হয়ে মাত্র ১৫ থেকে ২০ মিনিট চলেছে, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) না পাওয়ার অভিযোগে নিলাম বন্ধ করে দেন চাষিরা। একপর্যায়ে কৃষকেরা মুম্বাই-আগ্রা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে নতুন করে অস্বস্তিতে পড়েছে ভারতের কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়ে যায়। ফলে গত বছর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। চাল, গম ও টমেটোর দাম নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি নানা ধরনের ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। লক্ষ্য দেশে যেন পেঁয়াজের দাম বেশি না বাড়ে। কিন্তু এর ফলে উল্টে ক্ষোভ তৈরি হয়েছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার থেকে তিন দিন ভারতের বৃহত্তম পেঁয়াজের বাজার নাশিকে নিলাম বন্ধ ছিল। শেষে কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ারের হস্তক্ষেপে তাঁরা সেই জায়গা থেকে কিছুটা সরে আসেন। গতকাল সকাল সাড়ে আটটায় আবার নিলাম শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই কৃষকেরা তা বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, নাফেড ও এনসিসিএফ প্রতিশ্রুতি দিলেও ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কুইন্টালপ্রতি ২ হাজার ৪১০ রুপি পাওয়া যাচ্ছে না। ফলে চাঁদওয়াড়ে মুম্বাই-আগ্রা রাজপথে প্রায় ৫০০ কৃষক অবস্থান বিক্ষোভ শুরু করেন। দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পেঁয়াজে রপ্তানি শুল্ক আরোপ নিয়ে বিক্ষোভ তৈরি হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কুইন্টালপ্রতি ২ হাজার ৪১০ রুপিতে সরকার অতিরিক্ত ২ লাখ টন পেঁয়াজ কিনবে। এরপরই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেন পাওয়ার।
নাশিক জেলার পেঁয়াজ রপ্তানিকারকদের সংগঠনের প্রেসিডেন্ট খান্ডু দেওড়া ইকোনমিক টাইমসকে জানান, ব্যবসায়ীদের দাবি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মন্ত্রী সেই আশ্বাস দেওয়ায় গতকাল আবার নিলাম চালু হয়।
এদিকে ইকোনমিক টাইমসের খবরে জানানো হয়েছে যে ভারত নিজেদের বাজার সামাল দিতে পেঁয়াজ রপ্তানির ওপর শুল্ক আরোপ করার পর দেশটির পেঁয়াজ রপ্তানিকারকেরা সরকারের কাছে পেঁয়াজের সর্বনিম্ন মূল্যস্তর বেঁধে দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, এতে সবার স্বার্থ সংরক্ষিত হবে।
নিজেদের বাজার সামাল দিতে ভারত এর আগে গম ও চাল রপ্তানি সীমিত করেছে, যার প্রভাব ইতিমধ্যে বাজারে অনুভূত হচ্ছে। এরপর তারা পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করল।
ভারতের কৃষি খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চাল, গম ও পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বা এসব রপ্তানি সীমিত করার কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, সেই সঙ্গে এসব পণ্যের মজুত বেড়ে যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার গত ২০ জুলাই স্বল্প সময়ের নোটিশে বাসমতি ভিন্ন অন্যান্য চাল রপ্তানি নিষিদ্ধ করে। তবে বিভিন্ন বন্দরে অবিক্রীত চালের স্তূপ জমে যাচ্ছে, এমন খবরের পর কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে চাল রপ্তানিতে কিছুটা ছাড় দেয়।
গত সপ্তাহে ভারতের বৃহত্তম গম রপ্তানিকারক সংগঠন আইটিসি জানায়, গম ও চাল রপ্তানি সীমিত করার কারণে চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কৃষির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীরা কিছু সুযোগ হারিয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকার গত বছরের মে মাসে গম রপ্তানি নিষিদ্ধ করেছে।
দেখা যাচ্ছে, সরকারের এসব সিদ্ধান্ত দেশটির কৃষকদের কাজে আসছে না। আগামী বছর দেশটিতে লোকসভা নির্বাচন। তার আগে বাজার যেন গরম না হয়, তা নিশ্চিত করতে সরকার এসব করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এতে ভোক্তাদের কিছু সুবিধা হলেও উৎপাদকেরা পড়েছেন বিপাকে।