অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় আবার আসছে চীনের বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরম অর্থনৈতিক–রাজনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা
ফাইল ছবি: রয়টার্স

চীনের এক রাষ্ট্রায়ত্ত কোম্পানি শ্রীলঙ্কায় বিনিয়োগের পরিকল্পনা করছে। দেশটির রাজধানী কলম্বোর বন্দরে ৩৯ কোটি ২০ লাখ ডলারে এক বৃহৎ লজিস্টিকস কমপ্লেক্স নির্মাণ করবে চায়না মার্চেন্টস গ্রুপ (সিএমজি)। খবর ইকোনমিক টাইমসের।

এই বিনিয়োগের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় চায়না মার্চেন্টস গ্রুপের বিনিয়োগ ২০০ কোটি ডলারে উন্নীত হবে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, এর মধ্য দিয়েই তারাই হবে একক কোম্পানি হিসেবে শ্রীলঙ্কায় সবচেয়ে বড় বিনিয়োগকারী।

আরও পড়ুন

গত বছর শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়ে পড়ে। মূল্যস্ফীতি রীতিমতো আকাশ স্পর্শ করে, বিদেশি মুদ্রার সংকট তীব্র হয়। এ কারণে দেশটি প্রয়োজনীয় জ্বালানি ও খাদ্যসামগ্রী আমদানি করতে পারেনি। এতে দেশজুড়ে ব্যাপক জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে।

শ্রীলঙ্কা এখন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে প্রাণান্তকর চেষ্টা করছে। বাস্তবতা হচ্ছে, গত বছর ঋণখেলাপি হওয়ার পর এটাই শ্রীলঙ্কায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।
কলম্বো বন্দর দুবাই ও সিঙ্গাপুরের মাঝখানে একমাত্র গভীর সমুদ্রবন্দর। এই লজিস্টিকস কমপ্লেক্স নির্মাণে যে কোম্পানি গঠন করা হবে, তার ৭০ শতাংশ অংশীদারি থাকবে সিএমজির হাতে।

সিএমজি আরও বলেছে, এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লজিস্টিকস হাব। কোম্পানিটি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের কমপ্লেক্সও ব্যবস্থাপনা করে। যদিও এই বন্দর দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের শ্বেতহস্তী প্রকল্প হিসেবে পরিচিত।

যেসব কারণে শ্রীলঙ্কার ঋণসংকট ঘনীভূত হয়েছে, হাম্বানটোটা বন্দর তার মধ্যে অন্যতম। এই বন্দর নির্মাণে যে ঋণ তারা নিয়েছিল, তা পরিশোধ করতে ব্যর্থ হলে ২০১৭ সালে এই বন্দরের পরিচালনা ৯৯ বছরের জন্য ১১২ কোটি ডলারের বিনিময়ে সিএমজির হাতে তুলে দেয় দেশটি।

আরও পড়ুন

এদিকে শ্রীলঙ্কায় চীনের বিনিয়োগ নিয়ে ভারতের আপত্তি দীর্ঘদিনের। বিশেষ করে বন্দরের বিষয়ে তাদের ঘোরতর আপত্তি। ভারত মনে করে, ভারত মহাসাগরে চীন বন্দর নির্মাণ করলে বা কোনো বন্দরের পরিচালনায় থাকলে সেটি তাদের নিরাপত্তার জন্য হুমকি। এ নিয়ে রাজনীতির মাঠেও কম জলঘোলা হয়নি।

শ্রীলঙ্কার দুর্দশার জন্য পশ্চিমা গণমাধ্যমগুলোর অনেক সময় ঢালাওভাবে চীনকে দায়ী করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, শ্রীলঙ্কার বিদেশি ঋণের মাত্র ১০ শতাংশ চীন থেকে নেওয়া।  

তবে পশ্চিমা দেশের সরকার বা বহুজাতিক সংস্থাগুলো যে সুদে ঋণ দেয়, চীন তার চেয়ে অনেক বেশি সুদে ঋণ দেয়। তাদের সুদের হার প্রায় ৪, যা বাণিজ্যিক ঋণের সুদের হারের প্রায় সমান। এ ছাড়া বিশ্বব্যাংক কিংবা ফ্রান্স অথবা জার্মানির মতো ভিন্ন কোনো দেশের দেওয়া ঋণের সুদের হারের চেয়ে চীনের ঋণের সুদের হার প্রায় চার গুণ।

২০২২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পেরে বিক্ষোভকারীদের উচ্ছ্বাস। কলম্বো, শ্রীলঙ্কা
ছবি: রয়টার্স

আরও সমস্যা হচ্ছে, চীনের ঋণের মেয়াদ কম। এই ঋণ পরিশোধ করতে হয় সাধারণত ১০ বছরেরও কম সময়ের মধ্যে। তবে দেশটির সরকারি ও বেসরকারি ঋণের মধ্যে ব্যবধান আছে, বেসরকারি ঋণের তুলনায় সরকারি ঋণের শর্ত কিছুটা শিথিল। কিন্তু অন্য উন্নয়নশীল দেশগুলোকে যেসব ঋণ দেয়, সেগুলোর মেয়াদ ২৮ বছরের মতো।

এদিকে শ্রীলঙ্কার ভঙ্গুর অর্থনীতি ‘চীনের ঋণের ফাঁদ’ থেকে উদ্ধারের লক্ষ্যে ফ্রান্স, ভারত ও জাপান একজোট হয়েছে। সম্প্রতি তারা এ নিয়ে কমিটি গঠন করেছে। এই উদ্যোগে শরিক হওয়ার জন্য অন্যদেরও আমন্ত্রণ জানিয়েছে দেশ তিনটি। ভারত এর আগে শ্রীলঙ্কার আর্থিক পুনরুদ্ধারে ২ দশমিক ৯ বিলিয়ন বা ২৯০ কোটি মার্কিন ডলার সহায়তা দিতে আইএমএফকে প্রভাবিত করেছিল। ভারত ও তার মিত্ররা চীনকে পাশ কাটিয়ে তাদের উদ্যোগ বাস্তবায়ন করতে চায়। কারণ, শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠন নিয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকে আলোচনা হোক, চীন আবার সেটা চায় না।