যুক্তরাষ্ট্রের ঋণমান কমার প্রভাব বৈশ্বিক শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স

গত মঙ্গলবার আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস খোদ যুক্তরাষ্ট্রের ঋণমান হ্রাস করেছে। ফলে বুধবার বৈশ্বিক শেয়ারবাজারের পতন হয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছে, আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতির অবনতি হবে। সেই সঙ্গে মাসখানেক আগে জাতীয় ঋণের সীমা বৃদ্ধির আলোচনা যেভাবে শেষ মুহূর্তে গড়াল, তা দেশটির জন্য ভালো হয়নি।

ফিচ রেটিংস যুক্তরাষ্ট্রের ঋণমান ‘এএএ’ থেকে হ্রাস করে ‘এএপ্লাস’ করার ফলে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কি ২২৫ কমেছে ২ দশমিক ৩ শতাংশ, চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। ঋণমান কমানোর সিদ্ধান্তে হংকংয়ের প্রধান সূচক হ্যাং সেং–এর সূচকও কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

ইউরোপের শেয়ারবাজারের অবস্থান কিছুটা ভালো হলেও এই অঞ্চলের প্রধান শেয়ার সূচক স্টক্স ৬০০ কমেছে ১ দশমিক ৪ শতাংশ, গত দুই সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। জার্মানির সূচক ডিএএক্স এবং ফ্রান্সের সূচক সিএসি ৪০-এর মান যথাক্রমে ১ দশমিক ২ শতাংশ এবং ১ দশমিক ৪ শতাংশ এবং লন্ডনের সূচক এফটিএসই ১০০ সূচক কমেছে ১ দশমিক ৫ শতাংশ।

মার্কিন স্টক ফিউচার্সের মান কমেছে। এসএন্ডপি ৫০০–এর সূচক কমেছে দশমিক ৮ শতাংশ এবং নাসডাক সূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ। এদিকে মার্কিন ট্রেজারি বন্ডের দাম দাম কিছুটা বেড়েছে, এই বন্ডের সুদহার এখন ৪ দশমিক ০৩ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদহারের চেয়ে কিছুটা কম।

বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ফিচের প্রতিনিধিরা আরও একটি বিষয় তুলে ধরেছেন। সেটা হলো ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা। এই বিষয়টিকে তাঁরা মার্কিন গণতন্ত্রের জন্য উদ্বেগজনক মনে করছেন।

ফিচ বলেছে, যুক্তরাষ্ট্রের দুই দলের মুখোমুখি অবস্থানের কারণে ঋণসীমা স্থগিতের বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হওয়ার কারণে দেশটির আর্থিক ব্যবস্থাপনায় মানুষের আত্মবিশ্বাস বিনষ্ট হয়েছে। সেই সঙ্গে ঋণের বোঝা বাড়ছে। এই পরিস্থিতিতে তারা ঋণমান হ্রাস করেছে। ফিচ মনে করছে, আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার অবনতি হবে।
ফিচ মনে করছে, মার্কিন সরকারের সাধারণ ঘাটতি ২০২৩ সালে জিডিপির ৬ দশমিক ৩ শতাংশে উন্নীত হতে পারে: ২০২২ সালে যা ছিল ৩ দশমিক ৭ শতাংশ।

হারগ্রিভস ল্যানসডাউনের প্রধান ইক্যুইটি বিশ্লেষক সোফি লন্ডইয়েটস বলেছেন, ওয়াশিংটন যেভাবে শেষ মুহূর্তে খেলাপি হওয়া থেকে বেঁচেছে তা কেউ ভালো চোখে দেখছে না। তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বইগুলোর অচলাবস্থা ইঙ্গিত দেয়, বাজার ইতিমধ্যেই ক্ষতির শিকার করেছে।

মার্কিন সরকারের সবচেয়ে বেশি ঋণ চীন ও জাপানের কাছে। এই দুই দেশের কাছে মার্কিন সরকারের ঋণ দুই লাখ কোটি ডলার, অন্যান্য দেশের কাছে আরও ৭ লাখ ৬০ হাজার কোটি ডলার।

তা সত্ত্বেও গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকেরা মনে করছেন না যে ট্রেজারি সিকিউরিটিজধারীরা এই ঋণমান হ্রাসের কারণে অর্থ তুলে নিতে বাধ্য হবে। তাঁরা বলছেন, সম্পদ হিসেবে ট্রেজারি সিকিউরিটিজ খুবই গুরুত্বপূর্ণ; বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এই বিনিয়োগের কথা সব ক্ষেত্রেই উল্লেখ করে, সরকারের ঋণমান কত তা উল্লেখ করে না।