ইলন মাস্কের স্পেসএক্সের শেয়ারের দাম আইপিওর চেয়ে কমে গেছে, কমেছে সম্পদমূল্য

ইলন মাস্কছবি: এএফপি

শেয়ারবাজারে যাত্রা শুরুর পর ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের সময়টা ভালো যাচ্ছে না। যাত্রা শুরু হয়েছে এক মাসের কিছু সময় আগে, এর মধ্যে স্পেসএক্সের শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে গেছে। ফলে মাস্কের সম্পদমূল্যও কমে গেছে।

আইপিও-পরবর্তী এই শেয়ারের দাম যে উচ্চতায় উঠেছিল, তার সঙ্গে তুলনা করলে দেখা যায়, দাম অনেকটাই কমে গেছে। বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ১৩২ দশমিক ৬২ ডলার। জুন মাসে শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১৩৫ ডলার। খবর বিবিসি।

স্পেসএক্সের আইপিওর মাধ্যমে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিক হন। তালিকাভুক্তির পর এই শেয়ারের দাম সর্বোচ্চ ২২৫ ডলারে উঠেছিল, সেই তুলনায় এখন কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪১ শতাংশ কমেছে।

স্পেসএক্সের শেয়ারের দাম এই অবস্থায় আরও কিছুদিন থাকলে বা দাম আরও কমে গলে আইপিওর সময় বা তার কাছাকাছি যাঁরা শেয়ার কিনেছিলেন, তাঁদের অনেকেরই লোকসানের আশঙ্কা আছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতা থাকলেও স্পেসএক্সের পতন ছিল তুলনামূলকভাবে বেশি। বুধবার নাসডাক সূচক কমেছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। অথচ একই দিনে স্পেসএক্সের শেয়ারের দর কমেছে ২ শতাংশের বেশি।

এক মাস আগে লেনদেন শুরু হওয়ার পর থেকেই স্পেসএক্সের শেয়ারের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। তালিকাভুক্তির পর বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে এই শেয়ারের বাজারমূল্য একসময় আমাজন ও মাইক্রোসফটকেও ছাড়িয়ে যায়। তবে এর পর থেকে শেয়ারের দাম ধারাবাহিকভাবে কমতে শুরু করে।

বাজার বিশ্লেষকেরা সম্প্রতি বিবিসিকে বলেন, শুরুতে অনেক বিনিয়োগকারী স্পেসএক্সকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের প্রথম বড় সুযোগ হিসেবে দেখেছিলেন।

চলতি বছরের শুরুতে স্পেসএক্স ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইকে অধিগ্রহণ করে। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে স্পেসএক্সএআই রাখা হয়। এর মাধ্যমে এআইভিত্তিক ব্যবসায় প্রবেশ করে স্পেসএক্স।

এক্সএআই মূলত বিতর্কিত চ্যাটবট গ্রকের জন্য পরিচিত। তবে অধিগ্রহণের পর স্পেসএক্স এখন অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে তাদের ডেটা সেন্টার ভাড়া দিচ্ছে।

স্পেসএক্সের মূল ব্যবসা হলো রকেট তৈরি ও উৎক্ষেপণ। সেই সঙ্গে স্টারলিংক নামে স্যাটেলাইটভিত্তিক টেলিযোগাযোগ সেবা পরিচালনা।

সম্প্রতি টেনেসির মেমফিস এলাকায় বড় একটি ডেটা সেন্টার প্রকল্প নিয়ে স্থানীয় ব্যক্তিদের উদ্বেগ তৈরি হয়। এরপর স্টারলিংক সেবার মূল্য কমানোর ঘোষণা দিলে স্পেসএক্সের শেয়ারের দাম এক দিনেই ৮ শতাংশ কমে যায়।

বিনিয়োগ প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ ব্রোকারসের প্রধান বাজার বিশ্লেষক স্টিভ সসনিক রয়টার্সকে বলেন, সম্প্রতি এমন কোনো ইতিবাচক কিছু ঘটেনি, যার কারণে বিনিয়োগকারীরা স্পেসএক্সের শেয়ারের বিষয়ে আশ্বস্ত হতে পারেন।

আশা করা হচ্ছে, তালিকাভুক্তির পর আগস্টে এই প্রথম ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করবে স্পেসএক্স।

স্টিভ সসনিক আরও বলেন, ‘কোনো শেয়ারের দাম আইপিও দামের চেয়ে কয়েক ডলার কমে যাওয়া মানেই বড় বিপর্যয়, বিষয়টি তা নয়। তবে স্পেসএক্সের মতো কোম্পানির দিকে বিনিয়োগকারীরা নজর রাখেন। এই কোম্পানির শেয়ারের দাম কমল না বাড়ল, বিনিয়োগকারী ও বাজারের ওপর তার প্রভাব পড়ে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও স্পেসএক্স তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

কমেছে মাস্কের সম্পদমূল্য

স্পেসএক্সের মেয়ারের কল্যাণে ইলন মাস্ক গত ১২ জুন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন। ১২ দিনের জন্য তিনি এই খেতাব ধরে রাখেন। মূলত শেয়ারের দামের ওপর ধনীদের সম্পদমূল্য ওঠানামা করে।

ফোর্বসের তথ্যে দেখা যাচ্ছে, স্পেসএক্সের শেয়ারের দাম কমে যাওয়ায় মাস্কের সম্পদমূল্যও কমে গেছে। বুধবার এক দিনে মাস্কের সম্পদমূল্য কমেছে ৪ দশমিক ৮ বিলিয়ন বা ৪৮০ কোটি ডলার। মাস্কের সম্পদমূল্য এখন ৮৬০ বিলিয়ন বা ৮৬ হাজার কোটি ডলার। দেখা যাচ্ছে, ট্রিলিয়নিয়ার হওয়ার পর তাঁর সম্পদমূল্য কমেছে ১৪ হাজার কোটি ডলারের বেশি।