চীনে এক দশকের মধ্যে সর্বোচ্চ শিল্পোৎপাদন
ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে চীনের অর্থনীতি। দেশটির এক সূচকে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে দেশটির কারখানা পর্যায়ে উৎপাদন কার্যক্রম গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। গত বছরের শেষ দিকে গণবিক্ষোভের মুখে করোনাভাইরাসবিষয়ক বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে উৎপাদনে এতটা গতি এসেছে। খবর রয়টার্স।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্য (এনবিসি) অনুসারে, ফেব্রুয়ারি মাসে দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) মান ছিল ৫২ দশমিক ৬ পয়েন্ট। জানুয়ারি মাসে যা ছিল জানুয়ারিতে ৫০ দশমিক ১। ধরা হয়, পিএমআই ৫০ পয়েন্টের নিচে থাকলে উৎপাদন সংকুচিত হয়েছে এবং ওপরে থাকলে সম্প্রসারিত হয়েছে।
বিশ্লেষকদের ধারণা ছিল, ফেব্রুয়ারিতে পিএমআই সূচকের মান দাঁড়াবে ৫০ দশমিক ৫। অর্থাৎ বাস্তবে পিএমআই সূচক সেই পূর্বাভাস ছাড়িয়ে গেছে। ২০১২ সালের এপ্রিল মাসের পর যা সর্বোচ্চ।
পিএমইআই সূচক অনুসারে, সাত মাসের মধ্যে এই প্রথম চীনা অর্থনীতিতে প্রবৃদ্ধির পরিষ্কার ইঙ্গিত দেখা যাচ্ছে। এনবিসি আরেক বিবৃতিতে বলেছে, কোভিড-১৯ জনিত বিধিনিষেধ প্রত্যাহার ও চীন সরকারের স্থিতিশীল নীতির কারণে ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে। বিশেষ করে আসবাবপত্র, ধাতব পণ্য ও বৈদ্যুতিক সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি ও নতুন বিক্রয়াদেশ বেড়ে যাওয়ায় পিএমআই সূচক এভাবে ঊর্ধ্বমুখী হয়েছে।
এদিকে এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও চীন ফেব্রুয়ারি মাসে ভালো করেছে। অন্য যেকোনো দেশের তুলনায় তাদের পিএমআই সূচক ছিল অধিক ঊর্ধ্বমুখী।
চীনের প্রবৃদ্ধির হার বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমছে। বিশেষ করে গত তিন বছর তার প্রবৃদ্ধির হার কমার বিষয়টি প্রকটভাবে চোখে পড়েছে।
২০২২ সালে তাদের প্রবৃদ্ধির হার ৩ শতাংশে নেমে আসে। এর আগে ২০২০ সালে বিশ্বের সব বড় অর্থনীতির সংকোচন হলেও চীনের প্রবৃদ্ধি হয় ২ শতাংশ। তবে তার আগে থেকেই চীনের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে।
জানা গেছে, চীনে একধরনের কাঠামোগত পরিবর্তন হচ্ছে। তারা এখন রপ্তানিমুখী প্রবৃদ্ধি থেকে অভ্যন্তরীণ ভোগমুখী প্রবৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে। এতে প্রবৃদ্ধির হার কমছে, কিন্তু তারা মনে করছে, এতে প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক হবে। এতে অনেক শিল্প অন্য দেশে চলে যাচ্ছে, যার সুযোগ বাংলাদেশসহ অন্যরা নিতে পারে।
আবার চীন যেমন রপ্তানিকারী, তেমনি বড় আমদানিকারীও। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো তারাও বৈশ্বিক চাহিদার অন্যতম চালিকা শক্তি। ফলে চীনের অর্থনীতি সংকুচিত হলে বাংলাদেশের মতো রপ্তানিকারকদের স্বাভাবিকভাবেই ক্ষতি হয়।
এই বাস্তবতায় চীনের কারখানা উৎপাদন বৃদ্ধি অন্যান্য দেশের জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহের শেষে চীনের সংসদের বার্ষিক সভা শুরু হবে। দেশটির বাজারসংশ্লিষ্ট মানুষেরা আশা করছেন, সভায় অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণের পাশাপাশি নতুন অর্থনৈতিক কর্মকর্তা নির্বাচন করা হবে।
গুওতাই জুনান ইন্টারন্যাশনালের অর্থনীতিবিদ ঝাউ হাও রয়টার্সকে বলেন, পিএমআইয়ের এই সূচক বার্ষিক সভার আগে ইতিবাচক আবহ তৈরি করেছে। আশা করা যায়, সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারকে টেকসই করার জন্য আরও সহায়ক নীতি প্রণয়ন করবে।
চীনের পিএমআই সূচক বৃদ্ধির জেরে বৈশ্বিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। এশিয়ার শেয়ারবাজার ও অস্ট্রেলীয় ডলার চাঙা হয়েছে। তেলের দামও বেড়েছে। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তাদের উৎপাদন বেড়ে যাওয়া মানে তেলের চাহিদাও বেড়ে যাওয়া। তাতে চলতি বছরেও তেলের দাম বাড়তি থাকবে বলেই ধারণা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের চীন অর্থনীতির প্রধান জুলিয়ান ইভান্স প্রিটচার্ড রয়টার্সকে বলেন, ‘আশা করছিলাম, স্বল্প মেয়াদে চীন বেশ দ্রুতগতিতে ঘুরে দাঁড়াবে, কিন্তু এই পরিসংখ্যান দেখে মনে হচ্ছে, এ বছর চীনের প্রবৃদ্ধির হার তাদের অনুমিত ৫ দশমিক ৫ শতাংশও ছাড়িয়ে যাবে’।