৩৮ হাজার মামলা ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের প্রাণান্তকর চেষ্টা
মামলায় জর্জরিত বিশ্বের অন্যতম বৃহৎ ট্যালকম পাউডারের কোম্পানি জনসন। অভিযোগ, তাদের তৈরি শিশু ও অন্যান্য পাউডারে অ্যাসবেসটসের নমুনা আছে। তাতে অনেকে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই অভিযোগে ৩৮ হাজার মামলা হয়েছে জনসনের বিরুদ্ধে।
এসব মামলা অনেক দিন ধরেই চলছে। এতে ক্ষতিও হচ্ছে জনসনের। সে জন্য এসব মামলা নিষ্পত্তিতে নানাভাবে চেষ্টাচরিত্র করছে জনসন অ্যান্ড জনসন। সম্প্রতি তারা ৮৯০ কোটি ডলার দিয়ে এসব মামলা নিষ্পত্তির প্রস্তাব দেয়। এরপর তারা আবার সেই চেষ্টা চালাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের সাবসিডিয়ারি কোম্পানি এলটিএল ম্যানেজমেন্ট দেউলিয়াত্বের আবেদন করে এর আগে এসব মামলা নিষ্পত্তির চেষ্টা করেছে। কিন্তু তখন তাদের আবেদন যথাযথ হয়নি বলে ফেডারেল আদালত আবেদন খারিজ করে দেয়। সম্প্রতি তারা আবার আবেদন করেছে।
আজ মঙ্গলবার নিউ জার্সির ট্রেনটনের এক আদালতে এলটিএল ম্যানেজমেন্ট বলেছে, কোনো কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করলে তার বিরুদ্ধে দায়ের করা মামলা যে ‘স্বয়ংক্রিয়ভাবে স্থগিতাদেশের’ আওতায় আসে, তা মূল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। ৪৩০ বিলিয়ন বা ৪৩ হাজার কোটি ডলারের কোম্পানি জনসন অবশ্য নিজে এই আবেদন করেনি।
কিন্তু ভুক্তভোগী মানুষ ও মার্কিন বিচার বিভাগের দেউলিয়া আবেদন প্রক্রিয়াকারী বিভাগ এলটিএলের এই দেউলিয়া আবেদনের বিরোধিতা করেছে। তারা বলছে, আদালতের রুলিংয়ের আওতায় বাইরে থাকার জন্য এই ভুয়া আবেদন করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক তৃতীয় সার্কিট কোর্ট অব আপিলস চলতি বছরের জানুয়ারি মাসে এলটিএলের দেউলিয়া ঘোষিত হওয়ার আবেদন খারিজ করে দেয়। কারণ হিসেবে তারা জানায়, এলটিএল আর্থিকভাবে খারাপ অবস্থায় নেই।
এর মধ্যে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হওয়ার আগে এলটিএল দ্বিতীয়বারের মতো দেউলিয়া ঘোষিত হওয়ার আবেদন করেছে।
এবার এলটিএল বলছে, দেউলিয়াত্বের আবেদন নিষ্পত্তি করতে জনসনের বিরুদ্ধে মামলা স্থগিত করা প্রয়োজন। এ ছাড়া এবারের পরিস্থিতি আগেরবারের চেয়ে ভিন্ন; কারণ এখন তাদের তহবিল কম এবং অনেক মামলার বাদী মামলা নিষ্পত্তির পক্ষে।
১৮৯৪ সাল থেকে এই জনসন পাউডার বিক্রি করে আসছে। দীর্ঘ সময় মানুষের অত্যন্ত বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এই পাউডার। কিন্তু এই পাউডারের ব্যবহার ক্যানসারের কারণ হয়েছে, এই অভিযোগে কোম্পানির বিরুদ্ধে ৩৮ হাজার মামলা হয়। তার পর থেকেই ক্রমেই কমতে শুরু করে পাউডারের চাহিদা। পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়েছে। শেষমেশ এসব মামলা শেষ করতে ৮৯০ কোটি মার্কিন ডলারের সমঝোতার প্রস্তাব দেয় জনসন।
২০২০ সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় এই পাউডারের বিক্রি বন্ধ হয়ে যায়। তখন থেকেই পরিস্থিতি রীতিমতো ঘোলাটে হয়ে যায়। যদিও এই প্রতিষ্ঠানের তরফে কখনো তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দেওয়া হয়নি; বরং তারা বরাবরই বলেছে, কোনো অভিযোগের সপক্ষেই তেমন মজবুত বৈজ্ঞানিক ভিত্তি নেই।
এদিকে সম্প্রতি শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো চিঠিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে মামলা বাবদ তাদের ৭৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। সে কারণে তারা এখন মরিয়া হয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা করে যাচ্ছে।