ডলার বেচে ইউয়ান কিনছে চীনের রাষ্ট্রীয় ব্যাংকগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল ডলারের বিপরীতে ইউয়ানের ঘুরে দাঁড়ানো ত্বরান্বিত করতে চীনের বড় রাষ্ট্রীয় ব্যাংকগুলো চলতি সপ্তাহে মুদ্রাবাজারে বেশ সক্রিয় হয়ে উঠেছে। বাজার থেকে ইউয়ান কিনে দর বাড়ানোর চেষ্টা করছে তারা। নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছে।

চীনের বড় রাষ্ট্রীয় ব্যাংকগুলো কখনো কখনো দেশটির মুদ্রানীতি কর্তৃপক্ষের হয়ে কাজ করে। অতীতে দেখা গেছে, তারা প্রায়ই ইউয়ানের দরপতনের ধারা ঠেকাতে বাজারে ডলার বিক্রি করেছে।

তবে ইউয়ান যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন চীনের রাষ্ট্রীয় ব্যাংকগুলোর এভাবে ইউয়ান কেনার প্রবণতা দেখে সূত্র দুটি রয়টার্সের কাছে বিস্ময় প্রকাশ করেছে। গত সপ্তাহে ইউয়ানের দর বেড়েছে ২ শতাংশ। প্রতি ডলারের বিপরীতে এখন ৭ দশমিক ১৩ ইউয়ান পাওয়া যাচ্ছে, যা চার মাসের মধ্যে সর্বনিম্ন।

সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় ব্যাংক মুদ্রা বিনিময়ের পাশাপাশি স্পট মার্কেটেও বেশ সক্রিয়। দেশের ভেতরে ইউয়ানের বদলে ডলার কিনে স্পট মার্কেটে তা বিক্রি করছে এসব ব্যাংক।

সামগ্রিকভাবে ডলারের দর কমে যাওয়ার মধ্যে চীনের রাষ্ট্রীয় ব্যাংক এসব ব্যবস্থা নিচ্ছে। নভেম্বর মাসে ইউএস ডলার ইনডেক্সের মান ৩ শতাংশের বেশি কমেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি সুদহার সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে, সে জন্য ডলারের চাহিদা কমছে।

বাজারসংশ্লিষ্ট কেউ কেউ আবার মনে করছেন, চীনের রাষ্ট্রীয় ব্যাংকগুলো ইউয়ানের ঘুরে দাঁড়ানো ত্বরান্বিত করতে চায় এবং রপ্তানিকারকেরা যেন তাঁদের হাতে থাকা বিদেশি মুদ্রা দ্রুত ইউয়ানে রূপান্তরিত করেন, তা নিশ্চিত করার চেষ্টা করছে। এসব সত্ত্বেও চলতি বছর ডলারের বিপরীতে ইউয়ানের ৩ শতাংশ দরপতন হয়েছে।

রাষ্ট্রীয় ব্যাংকগুলো ডলার বিক্রি করায় চীনের ভেতরে স্পট মার্কেটে ডলারের বিপরীতে ইউয়ানের দর কিছুক্ষণের জন্য ৭ দশমিক ১২-এ নেমে আসে। ফলে চার মাসের এই প্রথম ডলারের দর সরকারের নির্দেশিত হারের চেয়ে নিচে নেমে যায়।

এই পরিস্থিতিতে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) ধারাবাহিকভাবে ডলার-ইউয়ান বিনিময় হার হ্রাস করছে; মঙ্গলবার যা সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৭ দশমিক ১৪ ইউয়ানে নেমে আসে।

বিশ্লেষকেরা মনে করেন, পিবিওসির এভাবে বিনিময় হার নির্ধারণ করা বিস্ময়কর বিষয়। এটাকে তাঁরা নীতি সুদহার হ্রাসের পূর্বপ্রস্তুতি বলে মনে করছেন। বাহ্যিক পরিবেশ অনুকূলে থাকার কারণে চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানকে যতটা সম্ভব শক্তিশালী করা যায়, সেই চেষ্টা করছে।

সাম্প্রতিক তথ্যে দেখা যায়, চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার অসম প্রকৃতির; অক্টোবর মাসে দেশটির শিল্পোৎপাদন ও খুচরা বিক্রয় বিস্ময়করভাবে বাড়লেও উৎপাদন ও ভোক্তামূল্য সূচক কমেছে।

চীনের অর্থনীতি চাঙা করতে নীতি প্রণোদনার প্রয়োজন আছে জানিয়ে বিশ্লেষকেরা মনে করেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে চীনের সুদহারের বড় ব্যবধান থাকায় চীনের মুদ্রানীতির রাশ আলগা করা হলে ইউয়ানের ওপর চাপ বাড়তে পারে।

পিবিওসি বাণিজ্যিক ব্যাংকগুলোয় মধ্যমেয়াদি ঋণ দেওয়ার মাধ্যমে অর্থনীতিতে অর্থের সঞ্চালন করছে, যদিও সম্প্রতি এসব ঋণের সুদহার অপরিবর্তিত রেখেছে।

আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট অ্যাগ্রিকোলের চীন–বিষয়ক প্রধান অর্থনীতিবিদ ঝি জিওয়াজিয়া ধারণা করছেন, ডলারের দর আর না কমলে বা ইতিবাচক কিছু না ঘটলে বাজারে অস্থিরতা তৈরি হবে। সুদহারের এই বড় ব্যবধানের কারণে মুদ্রানীতির রাশ আলগা করার প্রত্যাশা তৈরি হয়েছে, ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হারও কমতে পারে।

তবে ঝি জিওয়াজিয়া বলেন, ২০২৪ সালে ইউয়ান ভালো অবস্থানে থাকবে বলে তিনি আশাবাদী।