আইএমএফের শর্ত শিথিল, আর্জেন্টিনা ৭৫০ কোটি ডলার পাবে
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার ঋণ সহায়তা বাবদ আটকে থাকা ৭৫০ কোটি মার্কিন ডলার ছাড় করার বিষয়ে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে আর্জেন্টিনায় আইএমএফের ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ পর্যালোচনা সম্পূর্ণ করতে উভয় দেশ কর্মকর্তা পর্যায়ের সমঝোতায় পৌঁছেছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনায় সাম্প্রতিক বিধ্বংসী খরার কারণে অর্থনীতিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ কারণে গত জুন মাস শেষ আইএমএফ নির্ধারিত কিছু আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশটি। এমন প্রেক্ষাপটে নতুন চুক্তিতে ঋণ ছাড়ের ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করেছে আইএমএফ।
তবে চূড়ান্তভাবে ওই ঋণ পেতে হলে আগস্টের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠেয় আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে।
ঋণচুক্তির প্রাথমিক অনুমোদনের পর গতকাল এক বিবৃতিতে আইএমএফ বলেছে, গত মার্চ মাসে ঋণ কর্মসূচির চতুর্থ পর্যালোচনার পর থেকে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। খরার কারণে দেশটির রপ্তানি ও রাজস্ব আয়ের ওপর মারাত্মক প্রভাব পড়েছে।
এ ছাড়া নীতিগত ধারাবাহিকতার অভাবে ও নীতি বাস্তবায়নে বিলম্বের কারণে দেশটির অভ্যন্তরীণ চাহিদা অনেক বেড়েছে। পাশাপাশি একটি দুর্বল বাণিজ্য ভারসাম্য তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএমএফ।
এসব কারণে আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফের প্রতিনিধিরা কিছু শর্ত শিথিল সাপেক্ষে নতুন করে ঋণ অনুমোদনের জন্য প্রাথমিকভাবে সম্মত হয়েছে।
আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসা বলেছেন, নতুন ঋণ পেলে বছরের দ্বিতীয়ার্ধে দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসবে। এদিকে, নতুন ঋণ চুক্তির ঘোষণার পরে আর্জেন্টিনার স্বল্পমেয়াদি সার্বভৌম ঋণ গড়ে ২ শতাংশ ও দেশের প্রধান শেয়ারবাজারের সূচক ১ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।
নতুন ঋণ পেলে তা দিয়ে আগামী সপ্তাহ নাগাদ ৮০ কোটি ডলারের একটি ঋণের খেলাপি হওয়া এড়াতে পারবে আর্জেন্টিনা।
যেসব ব্যবস্থা নিতে হবে
কয়েক মাস ধরে আর্জেন্টিনার অর্থনীতির প্রায় প্রতিটি খাত বড় ধরনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে দেশটির মুদ্রা পেসোর অবমূল্যায়ন ঘটছে। পেসোর চাহিদা ধরে রাখতে নতুন চুক্তিতে দেশটির নীতি সুদের হার বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ রাখার পরামর্শ দিয়েছে আইএমএফ।
গত মার্চ মাসে ঋণ কর্মসূচির চতুর্থ পর্যালোচনার সময় আর্জেন্টিনার জন্য ৮০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেটিকে এবার কমিয়ে চলতি বছরের জন্য ১০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। আইএমএফ বলেছে, বর্তমান পরিস্থিতিতে ধীরে ধীরে রিজার্ভ সংগ্রহের দিকে যেতে হবে।
অন্যদিকে, চুক্তিতে চাহিদা কমাতে আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ এবং অভ্যন্তরীণ ব্যয় নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে ২০২৩ সালের প্রাথমিক রাজস্ব ঘাটতির লক্ষ্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত রেখেছে আইএমএফ।
২০২২ সালে আর্জেন্টিনার জন্য আইএমএফের সর্বশেষ কর্মসূচি শুরু হয়। ওই কর্মসূচির আওতায় চতুর্থ পর্যালোচনা হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। ঋণের জন্য আইএমএফের শর্তের বাস্তবায়ন দেখতে আগামী ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে আরও তিনটি পর্যালোচনা করবে সংস্থাটি। পরবর্তী পর্যালোচনাটি নির্ধারিত সময়ের এক মাস আগে নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বকেয়া ঋণ পরিশোধ ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আইএমএফ ছাড়াও বিকল্প বিভিন্ন উৎস থেকে অর্থ জোগাড়ের জন্য কাজ করছেন আর্জেন্টিনার কর্মকর্তারা।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যায় ডেভেলপমেন্ট ব্যাংক অব ল্যাটিন আমেরিকা (সিএএফ) আর্জেন্টিনার জন্য ১০০ কোটি ডলারের একটি ঋণ অনুমোদন করেছে।
আর্জেন্টিনার জন্য ঋণ পরিশোধের আরেকটি বিকল্প হলো চীনের সঙ্গে একটি সম্ভাব্য মুদ্রা বিনিময় ব্যবস্থায় যাওয়া।