এনভিডিয়ার বাজার মূলধন ৫০ লাখ কোটি ডলারে উঠতে পারে
প্রযুক্তি জগতের অন্যতম সেরা একজন বিনিয়োগকারী এনভিডিয়া সম্পর্কে বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, আগামী এক দশকের মধ্যে এই কোম্পানির বাজার মূলধন ৫০ ট্রিলিয়ন বা ৫০ লাখ কোটি ডলারের পৌঁছাতে পারে।
সেই বিনিয়োগকারী হচ্ছেন জেমস অ্যান্ডারসন; তিনি একসময় টেসলা ও আমাজনের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তিনি মনে করেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যে বাড়বাড়ন্ত হচ্ছে এবং সেই প্রযুক্তির উত্থানে এনভিডিয়া যেভাবে কেন্দ্রস্থলে রয়েছে, তাতে এনভিডিয়ার বাজার মূলধন ৫০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অর্থাৎ আগে তিনি যেসব প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করেছেন; সেই কোম্পানিগুলোর তুলনায় বর্তমানে এনভিডিয়ার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।
ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, এনভিডিয়া মূলত চিপ তৈরি করে থাকে। এখন যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে, সেই বিকাশ সম্ভব হচ্ছে এনভিডিয়ার চিপের কল্যাণে। এই চিপ ব্যবহারের মাধ্যমেই চ্যাটজিপিটি বিস্ময়কর সব কাজ করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই কোম্পানির এখন বাড়বাড়ন্ত। গত জুন মাসে এনভিডিয়ার বাজার মূলধন তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। কিছুদিনের জন্য তারাই ছিল বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি।
জেমস অ্যান্ডারসন আরও বলেন, এনভিডিয়ার ধারাবাহিকভাবে দ্রুত প্রবৃদ্ধি, হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে প্রতিযোগিতামূলক সুবিধা এবং কোম্পানির সংস্কৃতি ও নেতৃত্ব—এই জিনিসগুলোই বিনিয়োগকারীরা খোঁজেন।
অ্যান্ডারসন বেইলি গিফর্ড নামের এক কোম্পানিতে প্রায় চার দশক কাজ করেছেন। সেখানে তিনি স্কটিশ মর্টগেজ ইনভেস্টমেন্ট ট্রাস্ট নামের একটি তহবিল পরিচালনা করতেন; ২০১৬ সালে এই কোম্পানি প্রথম এনভিডিয়ায় বিনিয়োগ করে। এর পরেই এনভিডিয়ার দ্রুত উত্থান শুরু হয়।
এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদে জায়গা নেওয়ার পরও জেমস অ্যান্ডারসন ঠিক জানতেন না, এই কোম্পানির প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি কী হবে। তিনি বলেন, ‘আমরা আসলে কিছুই ঠিক করিনি যে গেমিং, ক্রিপ্টো নাকি এআই—এগুলোর মধ্যে কোনটা হবে কোম্পানির মূল চালিকা শক্তি।’
এর আগে অ্যান্ডারসন টেসলা ও আমাজনের মতো কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন; কিন্তু ওই সব কোম্পানিতে বিনিয়োগের সঙ্গে এই সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানিতে বিনিয়োগের পার্থক্য নিয়ে তিনি বলেন, ওই কোম্পানিগুলো ঠিক এনভিডিয়ার মতো উচ্চ মুনাফা পেত না।
অ্যান্ডারসন বিনিয়োগকারীদের উদ্দেশে এক চিঠিতে লেখেন, বিশ্বের ডেটা সেন্টারগুলোতে এআইভিত্তিক চিপ ব্যবহারের চাহিদা প্রতিবছর ৬০ শতাংশ হারে বাড়ছে। তিনি মনে করেন, আগামী ১০ বছর প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে। ডেটা সেন্টারে এআই চিপ ব্যবহারের এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ১ হাজার ৩৫০ ডলার; শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হবে ১ হাজার ডলার।
এই নগদ প্রবাহ প্রবৃদ্ধির হার প্রতিবছর ৫ শতাংশ হলে পরবর্তী ১০ বছরে এনভিডিয়ার শেয়ারের দাম ২০ হাজার ডলারে উঠতে পারে; এই প্রক্রিয়ায় এনভিডিয়ার বাজার মূলধন ৪৯ ট্রিলিয়ন বা ৪৯ লাখ কোটি ডলারে উন্নীত হতে পারে। অ্যান্ডারসন মনে করেন, এই সম্ভাবনা ১০ থেকে ১৫ শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন প্রায় ৪৭ ট্রিলিয়ন বা ৪৭ লাখ কোটি ডলার।
বেশ কিছু বিষয়ের ওপর এনভিডিয়ার এই প্রবৃদ্ধি নির্ভর করবে বলে মনে করেন জেমস অ্যান্ডারসন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় যে গ্রাফিকস প্রক্রিয়াকরণ ইউনিট বা জিপিইউ ব্যবহার করা হয়, তার ওপর বিষয়টি নির্ভর করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যাত্রাটা কেমন হয়, সেটা। যাত্রাপথ হয়তো একদম নির্বিঘ্ন হবে না; মাঝে বিরতি আসবে; তারপরও এই যাত্রাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এ যাত্রায় এনভিডিয়ার শেয়ারমূল্য কখনো ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেও যেতে পারে এবং সেটি হলে বিস্মিত হবেন না বলে জানিয়েছেন অ্যান্ডারসন; বরং তিনি তখন এনভিডিয়ার আরও শেয়ার কিনবেন।
আগামী কয়েক বছরে এনভিডিয়ার শেয়ারপ্রতি আয়ের যে পূর্বাভাস আছে, বর্তমানে কোম্পানিটির শেয়ার তার তুলনায় ৪৭ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। চলতি বছর এসঅ্যান্ডপি সূচকের মান যে ৩০ শতাংশ বেড়েছে, তার ১৭ শতাংশ জোগান দিয়েছে এক এনভিডিয়া।
এআইয়ের ভবিষ্যৎ নিয়ে অতিকথন হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জেমস অ্যান্ডারসন বলেন, খুচরা ও ছোটখাটো কাজে এআইয়ের ব্যবহার নিয়ে হয়তো অতিকথন হচ্ছে। তবে আগামী ১০ বছরে রোবোটিকস, স্বচালিত গাড়ির মতো অনেক প্রযুক্তি আসবে। এসব ক্ষেত্রে এনভিডিয়া কেমন করে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।