অ্যাপলের আয় কমলেও আইফোন বিক্রি বেড়েছে
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আয় কমেছে। গত বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় চলতি বছরের একই সময়ে কোম্পানিটির আয় ৩ শতাংশ কমে ৯৪ দশমিক ৮ বিলিয়ন বা ৯ হাজার ৪৮০ কোটি মার্কিন ডলার হয়েছে। খবর বিবিসির।
বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা ও পণ্যের দাম বেড়ে যাওয়ায় অ্যাপলের কম্পিউটার ও আইপ্যাডের বিক্রি কমে যাওয়ার কারণে কোম্পানিটির টানা দ্বিতীয় প্রান্তিকে আয় কমল। যদিও অ্যাপলের পূর্বাভাসের তুলনায় তাদের আয় অতটা খারাপ নয়। অ্যাপল বিনিয়োগকারীদের আগেই সতর্ক করেছিল, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে তাদের পণ্যের বিক্রি ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে সামগ্রিকভাবে অ্যাপলের আয় কমলেও আইফোনের বিক্রি কিন্তু বেড়েছে। এই প্রান্তিকে আইফোনের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় দেড় শতাংশ বেড়ে ৫১ দশমিক ৩ বিলিয়ন বা ৫ হাজার ১৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিটি বলেছে, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকায় ভালো চাহিদা থাকায় আইফোনের বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে।
ভারতে অ্যাপলে বিক্রিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। কারণ, দেশটিতে বড় বিনিয়োগ করেছে কোম্পানিটি। গত মাসেই অ্যাপলের দুটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তিনি বলেছিলেন, ভারতের মধ্যবিত্ত শ্রেণির পরিধি বাড়ছে। ফলে এখানে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন তিনি।