অর্থনীতি চাঙা করতে বাজারে বাড়তি অর্থ ঢালবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের রাজধানী টোকিওতে একটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানে বাজার পরিস্থিতি দেখছেন একজন কর্মী l রয়টার্স
জাপানের রাজধানী টোকিওতে একটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানে বাজার পরিস্থিতি দেখছেন একজন কর্মী l রয়টার্স

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে বাজারে অর্থপ্রবাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’ (বিওজে)। গতকাল শনিবার এক বিবৃতিতে বিওজে জানিয়েছে, সম্পদ ক্রয় কর্মসূচিতে বছরে আট লাখ কোটি ইয়েন বা ৭২ হাজার ৬০০ কোটি ডলার খরচ করা হবে। এত দিন পর্যন্ত এ খাতে দেশটির খরচের পরিমাণ ছিল ছয় থেকে সাত লাখ কোটি ইয়েন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ‘কোয়ান্টেটিভ ইজিং’ কর্মসূচির মাধ্যমে বাজারে অতিরিক্ত অর্থ সরবরাহ বন্ধ করার ঘোষণা দেওয়ার পর বিওজে সম্পূর্ণ বিপরীত এ ঘোষণা দিল। জাপানের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। প্রবৃদ্ধি কমে যাওয়ায় এবং মূল্যস্ফীতি বাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিওজের এ ঘোষণার ফলে জাপানের পুঁজিবাজারে চাঙাভাব পরিলক্ষিত হয়েছে। শুক্রবারই টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি সূচক বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। সাত বছরে মধ্যে এক দিনে এটি সর্বোচ্চ বৃদ্ধি।
বিওজের গভর্নর হারুহিকো কুরুদা টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, মন্দা কাটিয়ে উঠতে জাপানের জন্য এ সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। এ কর্মসূচির আওতায় বাজারে অর্থপ্রবাহ বাড়বে, যা সাধারণ ক্রেতাদের বেশি করে কেনাকাটা করতে উৎসাহিত করবে।
জাপানে গত কয়েক বছর ঋণাত্মক মূল্যস্ফীতি বা মূল্য সংকোচনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি একটা পর্যায়ে এসে আর বাড়ছে না। আশা করা হচ্ছে, এ উদ্যোগের ফলে বিনিয়োগ পরিস্থিতির উন্নতির পাশাপাশি মূল্যস্ফীতিও দেখা দেবে।
জাপানের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৬০ শতাংশই ব্যক্তি খাতের ভোক্তাদের ওপর নির্ভরশীল। ঋণাত্মক মূল্যস্ফীতির ফলে ভোক্তাদের একটি বড় অংশেরই ক্রয়ক্ষমতা কমে গেছে। সরকারের এক হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। গত শুক্রবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির গৃহস্থালি ব্যয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি হারে কমেছে।
অর্থ সরবরাহ বাড়ানোর পাশাপাশি ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনেরও অবমূল্যায়ন হয়েছে আরেক দফা। এ দফায় ইয়েনের অবমূল্যায়ন হয়েছে ১ দশমিক ২ শতাংশ। এক মার্কিন ডলারের বিপরীতে গতকাল শনিবার ইয়েনের বিনিময়মূল্য ছিল ১১০ দশমিক ৬৮ ইয়েন।
সূত্র: বিবিসি