অর্থনীতি চাঙা করতে বিশাল প্যাকেজ নিল জাপান

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে ২ হাজার ৯০০ কোটি ডলারের বিশাল এক আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে জাপান সরকার। রাজধানী টোকিওতে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শিনজো আবের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাপানি মুদ্রায় সাড়ে তিন লাখ কোটি ইয়েনের আর্থিক সহায়তা প্রদানের এই পরিকল্পনার আওতায় প্রাদেশিক সরকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সহায়তা পাবেন। সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত বিভিন্ন খাতকেও সহায়তা দেবে জাপান সরকার।
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অর্থনীতি উদ্ধারে নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে প্রাদেশিক অর্থনীতি শক্তিশালী হবে এবং দেশের সর্বত্রই সুষম উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনীতিতে তা নতুন গতি আনবে।’
ক্ষমতায় থাকার দুই বছরে শিনজো আবের সরকার সব সময়ই অর্থনৈতিক সংস্কারে বড় আকারের সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারবাহিকতায় বর্তমান সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংকও এসব কার্যক্রমের সমর্থনে সহায়তামূলক মুদ্রানীতি গ্রহণ করে আসছে।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, এসব সংস্কার কার্যক্রমের সুফলের বেশির ভাগই পেয়েছে বড় করপোরেট প্রতিষ্ঠান বিশেষ করে রপ্তানিকারকেরা। ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ নাগরিকেরা সংস্কার কার্যক্রম থেকে তেমন কিছু পাননি। সাড়ে তিন লাখ কোটি ইয়েনের আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ থেকে ৬০ হাজার কোটি প্রাদেশিক সরকারগুলোকে, এক লাখ ২০ হাজার কোটি ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং এক লাখ ৭০ হাজার কোটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে।