
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি-সম্পর্কিত জ্ঞানের কঠোর সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ। তাঁর মতে, অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের জ্ঞান ‘এফ’ গ্রেডের। গ্রেডিং পদ্ধতির শিক্ষাব্যবস্থায় এফ গ্রেডকে ফেল বা অকৃতকার্য হিসেবে গণ্য করা হয়। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এ মন্তব্য করেন স্টিগলিজ।
জোসেফ স্টিগলিজ মনে করেন, ট্রাম্প যদি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে চীন থেকে পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ করেন, তাহলে সেটা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বেকারত্ব বাড়বে, নাগরিকদের জীবনমানের অবনতি হবে এবং সর্বোপরি তা একটি নতুন বাণিজ্যযুদ্ধ-পরিস্থিতি তৈরি করবে।
জোসেফ স্টিগলিজ ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সাবেক ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ৭৩ বছর বয়সী এই অর্থনীতিবিদ। তিনি মনে করেন, চীনের অর্থনীতি সঠিক পথেই আছে। চীনের বিষয়ে সব দিক ভেবে সিদ্ধান্ত না নিলে বিষয়টি বিশ্ব বাণিজ্যের জন্য নেতিবাচক হবে।
স্টিগলিজের সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো:
ব্লুমবার্গ: ট্রাম্প যদি নির্বাচনে জেতেন এবং চীন থেকে পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ করেন, তাহলে সেটির অর্থনৈতিক প্রভাব কী হবে?
স্টিগলিজ: চীনের পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ করা হলে তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দুটি বিষয় ঘটবে। প্রথমত, যেসব মার্কিন নাগরিক কম দামের চীনা পণ্যের ওপর নির্ভরশীল, তাঁদের জীবনমানের অবনতি হবে। কারণ, ওই সব শিল্পপণ্য যুক্তরাষ্ট্রে আবার উৎপাদন করাও সম্ভব হবে না। দ্বিতীয়ত, চীনের বাজারে যুক্তরাষ্ট্রের উৎপাদিত পণ্য আমদানির শুল্কও বাড়বে। এটি একটি নতুন বাণিজ্যযুদ্ধের সূচনা করবে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে যতটা না নতুন কর্মসংস্থান তৈরি হবে, তার চেয়ে বেশি সংখ্যায় কাজ কমে যাবে। কর্মসংস্থানের সার্বিক নেতিবাচক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বড় সমস্যায় ফেলবে।
ব্লুমবার্গ: চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্প যেসব কথা বলছেন, সেগুলোর যৌক্তিকতা কি আদৌ আছে? নাকি তিনি শুধুই বাগাড়ম্বর করছেন?
স্টিগলিজ: তিনি বিষয়টির অতিসরলীকরণ করছেন। দুটি দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, কে এখানে ‘তুলনামূলক সুবিধাজনক’ অবস্থানে রয়েছে। যথাযথ উৎপাদন নীতিমালার অভাবে দ্বিপক্ষীয় বাণিজ্যে চীন এই তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে। তবে উচ্চ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে আছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আন্তর্জাতিক বাণিজ্য শুধু দুটি দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। কোনো অর্থনীতিবিদই এখন শুধু একটি দেশকে কেন্দ্র করে বাণিজ্য সম্পর্ক নির্ধারণের পরামর্শ দেবেন না। এই সাধারণ বিষয়টি ট্রাম্প বুঝতে পারছেন না। ট্রাম্প যেভাবে পুরো বিষয়টিকে দেখছেন, অর্থনীতির মৌলিক কোনো কোর্সের ছাত্র হিসেবে তিনি ‘এফ’ ছাড়া কিছু পেতেন না।
ব্লুমবার্গ: শিক্ষক হিসেবে আপনি তাঁকে এফ গ্রেড দিতেন?
স্টিগলিজ: অর্থনীতি সম্পর্কে তিনি একেবারেই কিছু বোঝেন না।
ব্লুমবার্গ: ট্রাম্প যদি শেষ পর্যন্ত নির্বাচিত হন, তাহলে চীনের বিষয়ে যেসব পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলছেন, তার কতটুকু আসলে বাস্তবায়িত হবে বলে মনে করেন?
স্টিগলিজ: বর্তমান নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি কতটুকু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, সেটি নিয়ে সবাই এখন কথা বলছেন। আমাদের আসলে ধারণাই ছিল না মূলধারা থেকে বিচ্ছিন্ন এমন একজন এত দূর পর্যন্ত আসতে পারেন। প্রকৃত সত্য হলো, তিনি নির্বাচিত হলে কী করবেন, এর উত্তর আসলে আমাদের জানা নেই। তবে এটিও সত্য, সিদ্ধান্ত গ্রহণে একজন প্রেসিডেন্টের অনেক ক্ষমতা ও প্রভাব থাকে।
ব্লুমবার্গ: আপনি কি মনে করেন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সঠিক পথে আছে?
স্টিগলিজ: আমি অবশ্যই মনে করি না চীনের অর্থনীতি শিগগির কোনো বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে। অনেক প্রতিকূলতার মধ্যে পড়েও চীনের অর্থনীতি এখনো গতিহারা হয়নি। তবে এই গতি ধরে রাখতে গিয়ে চীনের ঋণনির্ভরতা বাড়ছে, যেটি নেতিবাচক।
ব্লুমবার্গ: আপনার মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে বেকারত্বের হার ৯ থেকে ১২ শতাংশ। শ্রমবাজার সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের পরিসংখ্যানের সঙ্গে আপনি কেন একমত নন?
স্টিগলিজ: যেসব লোক অনিচ্ছাকৃতভাবে খণ্ডকালীন কাজ করছেন, তাঁদের বিষয়টি বিবেচনায় নিতে হবে। এসব লোকের হাতে বিকল্প না থাকায় তাঁরা নতুন কোনো কাজ আর খুঁজছেন না। এমন লোকের সংখ্যা ৯ থেকে ১২ শতাংশ। এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ নেই, বড় কোনো আন্দোলনও নেই। তারপরও কর্মসংস্থানের এই পরিস্থিতি ইতিবাচক কোনো বার্তা দেয় না।
—ব্লুমবার্গ অবলম্বনে আশরাফুল ইসলাম