অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলার ঢালবে ব্রাজিল

বিশ্বকাপ ফুটবল আয়োজন সাফল্যের সঙ্গে শেষ করলেও নিজ মাটিতে ট্রফি রাখতে পারেনি ব্রাজিল। ফলে প্রেসিডেন্ট দিলমা রুসেফ অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের চাপের মুখেই রয়েছেন। আগামী অক্টোবর মাসে নির্বাচনে তিনি কতটা সুবিধা করতে পারবেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
উদ্বেগের বড় কারণটা অবশ্যই অর্থনৈতিক। তা না হলে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটি গত সপ্তাহেই ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলার ব্যাংক-ব্যবস্থায় জোগান দেওয়ার কথা জানাবে কেন? ব্রাজিলের অর্থনীতি এখন একযোগে ধাবিত হচ্ছে মূল্যস্ফীতির চাপ ও অর্থনৈতিক স্থবিরতার দিকে, যাকে বলা হয় ‘বদ্ধাবস্থা’ (স্ট্যাগফ্লেশন)। এ অবস্থা পরিহারের জন্যই বিপুল পরিমাণ অর্থ জোগান দেওয়ার দিকে ঝুঁকছে সরকার।
ধারণা করা হচ্ছে, বছর শেষে মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বার্ষিক মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ইতিমধ্যে তা ৬ দশমিক ৫১ শতাংশে উন্নীত হয়েছে। আবার প্রবৃদ্ধির হার ১ শতাংশের নিচে (দশমিক ৯৭ শতাংশ) থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এক দশকের মধ্যে এমন পরিস্থিতি হয়নি।
এ মাসেই হালনাগাদ যে পরিসংখ্যান প্রকাশ করা হবে, তাতে হয়তো দেখা যাবে যে চলতি বছরের প্রথমার্ধে ব্রাজিল মন্দার মধ্যে প্রবেশ করেছে। ২০১০ সালে ব্রাজিলের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৫ শতাংশ হারে। এর পর থেকেই পতন শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর বাধ্যতামূলক জমা রাখার বিধানে কিছুটা শিথিলতা এনেছে, কিছু কিছু ঋণের ঝঁকি নির্ণয় পদ্ধতিও পরিবর্তন করেছে। এর ফলে ব্যাংকগুলো তাদের বাধ্যতামূলক জমার অর্ধেক পর্যন্ত মেয়াদি আমানত হিসেবে ব্যবহার করতে অথবা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ ক্রয় করতে পারবে। এ জন্য এ ধরনের যোগ্য আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৫৮ থেকে বাড়িয়ে ১৩৪ করা হয়েছে।
বলা হচ্ছে, এর ফলে দেশটিতে নগদ অর্থের প্রবাহ বাড়বে। কোনো কোনো অর্থনীতিবিদ অবশ্য বলছেন, ২০১০ সাল থেকে ঋণের উল্লম্ফন রোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আবার বন্ধ করা হচ্ছে।
অনেক দিন ধরেই ব্রাজিলীয়রা ভালো মজুরি ও বেতন-ভাতা পাচ্ছিলেন। কাজের বাজারও ভালোই যাচ্ছিল। কিন্তু হালনাগাদ পরিসংখ্যান থেকে প্রতীয়মান হয় যে অর্থনৈতিক মন্দাদশার সঙ্গে কাজের বাজারও সমন্বয় করে নিয়েছে। এর মানে হলো বেকারত্বের হার বাড়তে শুরু করেছে। এটা দিলমা রুসেফের জন্য ঝুঁকি তৈরি করেছে।
সূত্র: এফটি