বিশ্ব আর্থিক মন্দার পরে মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে ২০০৮ সালে দেশটির সরকার ‘কোয়ান্টেটিভ ইজিং’ নামের এক কর্মসূচি চালু করেছিল। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ওই কর্মসূচি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
‘কোয়ান্টেটিভ ইজিং’ হলো এমন একটি বিশেষ মুদ্রানীতি, যা বিশেষ ব্যবস্থায় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করতে পারে। একটি দেশের স্বাভাবিক মুদ্রানীতি কোনো কারণে অকার্যকর প্রমাণিত হলে এ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এ নীতি ব্যবহার করে একটি দেশের সরকার বাজারে বাড়তি অর্থের জোগান দিয়ে দুর্বল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে।
এ কর্মসূচি বন্ধ করার কারণ হিসেবে ফেড বলছে, বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক মন্দা পরিস্থিতেও মার্কিন অর্থনীতি এখন ঘুরে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা এবং বেকারত্বের হার কমে আসায় তাই এ কর্মসূচি আর বিলম্বিত করার দরকার নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেড। পাশাপাশি শিগগিরই ব্যাংক সুদের হার না বাড়ানোরও ঘোষণা দিয়েছে ফেড।
ফেড প্রধান জ্যানেট ইয়েলেন গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় মার্কিন অর্থনীতির বর্তমানে সর্বোচ্চ কর্মসংস্থান তৈরির শক্তি রয়েছে।
আর্থিক খাতের বিশেষজ্ঞরা এ ঘোষণাকে প্রত্যাশিত বলে অভিহিত করেছেন। নিউইয়র্কভিত্তিক ফিনিক্স ফাইন্যান্সিয়ালের প্রধান বাজার বিশ্লেষক ওয়েন কফম্যান বলেন, ‘ফেডের এ ঘোষণা সবার প্রত্যাশিতই ছিল। অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থানে আছে, তবে মূল্যস্ফীতি নিয়ে কিছুটা দুশ্চিন্তা এখনো আছে।’
এ কর্মসূচিতে এখন পর্যন্ত ফেডের খরচ হয়েছে তিন লাখ ৭০ হাজার কোটি ডলার। সূত্র: বিবিসি