অর্থমন্ত্রীর নজরে ছিল গ্রামীণ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) একটি ডিজিটাল পর্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন জনৈক অফিস কর্মী। এ সময় ওই পর্দায় প্রদর্শিত হচ্ছিল ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতা l ছবি: এএফপি
বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) একটি ডিজিটাল পর্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন জনৈক অফিস কর্মী। এ সময় ওই পর্দায় প্রদর্শিত হচ্ছিল ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতা l ছবি: এএফপি

খোদ সংসদেই রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছিলেন, এই সরকার শুধুই ‘স্যুট-বুট কি সরকার’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার আক্রমণ করেছেন ‘কৃষিবিরোধী ও শিল্পপ্রেমী’ বলে। সেই তকমা ঝেড়ে ফেলতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির নজরে ছিল গ্রামীণ ভারত। গতকাল সোমবার জেটলি সংসদে যে বাজেট পেশ করলেন, তার মূল লক্ষ্যই হলো কৃষক ও কৃষি, দরিদ্র মানুষের কল্যাণ, পরিকাঠামো এবং সামাজিক কল্যাণ।
বিশ্ববাজারে এক অদ্ভুত সংশয়ী দোলাচল রয়েছে। মন্দা না হলেও প্রবৃদ্ধির সোনালি রেখা কোথাও সেভাবে দৃশ্যমান নয়। এই পরিস্থিতিতে বাজেট পেশ করতে গিয়ে জেটলি বলেন, ‘খুব ভেবেচিন্তে, বিচক্ষণতার সঙ্গে আমাদের খরচ করতে হবে। সেই খরচের মূল লক্ষ্য হবে সমাজের দরিদ্র ও নিচুতলার মানুষ।’ এবারের বাজেটে মোট যে ১৯ লাখ ৭৮ হাজার রুপি খরচ হবে, তাতে এই ভাবনার রূপরেখাই দেখা গেল জেটলির ভাষণে। তিনি বললেন, ‘কৃষকদের প্রতিদান আমাদের দিতে হবে। খাদ্যনিরাপত্তা ছাড়াও তাঁদের আয়ের নিরাপত্তা দিতে হবে। ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় আমরা দ্বিগুণ করব।’ কৃষক-কল্যাণে তাই জেটলির বরাদ্দ ৩৫ হাজার ৯৮৪ কোটি রুপি।
শুধু তাই-ই নয়, প্রধানত গ্রামীণ দরিদ্র মানুষদের জন্য সাবেক কংগ্রেস সরকার বছরে ১০০ দিনের কাজের যে প্রকল্প চালু করেছিল, ক্ষমতায় এসে প্রবল সমালোচনা করেও সেই প্রকল্পকেই মোদি সরকার ফের আঁকড়ে ধরেছে। বাজেটে এ জন্য বরাদ্দ হয়েছে ৩৮ হাজার ৫০০ কোটি রুপি, জেটলির কথায়, ‘যা এযাবৎ বরাদ্দ হয়নি।’ গরিবদের জন্য আরও ঘোষণা, বছরে দেশের দেড় কোটি দরিদ্র নারীর ঘরে রান্নার গ্যাস দেওয়া। সেই সঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, গ্রামজীবনের আঁধার দূর করতে ২০১৮ সালের মধ্যেই দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। জোর দেওয়া হয়েছে ফসল বিমার ওপরেও। অতিরিক্ত সাড়ে ২৮ লাখ হেক্টর জমিকে আনা হবে সেচের আওতায়।
কৃষি ক্ষেত্রে বেশি নজর দেওয়ার একটা কারণ পরপর দুই বছর দেশের বহু রাজ্যের অনাবৃষ্টি। শিল্পমহলও দাবি করেছিল তাদের জন্য করব্যবস্থায় আরও বেশি ছাড়, যাতে উৎপাদনশিল্পে ভাটার টান দূর হয়। এই দুই দাবির মধ্যে জেটলি কৃষিকেই প্রাধান্য দিয়েছেন। তাঁর যুক্তি হলো, গ্রামীণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে শিল্পের বাজারও সমৃদ্ধ হবে। প্রধানত সেই কারণে আগামী অর্থবর্ষে সারা দেশে অবকাঠামো ক্ষেত্রে মোট ২ লাখ ২১ হাজার ২৪৬ কোটি রুপি খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পষ্টতই বোঝা যাচ্ছে, মোদির মননে রয়েছে আগামী বছর উত্তর প্রদেশ ও পাঞ্জাবের ভোট। চলতি বছরে যে রাজ্যগুলোতে ভোট হতে চলেছে, একমাত্র আসাম ছাড়া অন্য কোথাও বিজেপির কোনোরকম আশা নেই। কৃষিবিরোধী এবং শিল্পপ্রেমী বলে বিরোধীরা যে তকমা তাঁর সরকারের কপালে সেঁটে দিয়েছে, উত্তর প্রদেশ ও পাঞ্জাবে আগামী বছর যাতে তা ছায়া না ফেলে, সেই চেষ্টার প্রতিফলন এই বাজেটের ছত্রে ছত্রে।
সাধারণ চাকরিজীবীরাও এই বাজেটে হতাশ। আয়করে কোনো হেরফের নেই। তবে নিম্ন আয়ের মানুষদের সামান্য কিছু সুরাহা জেটলি দিয়েছেন। যাঁদের বার্ষিক আয় পাঁচ লাখের কম, তাঁরা আয়করে ছাড় পাবেন অতিরিক্ত তিন হাজার রুপি। যাঁদের বাড়ি নেই এবং বাড়িভাড়া বাবদ টাকা পান, তাঁরা মাসে পাঁচ হাজার রুপি বাড়িভাড়া বাবদ আয়করে ছাড় পাবেন। আগে এই পরিমাণ ছিল বছরে ২৪ হাজার রুপি।
বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় যে অর্থের সাশ্রয় হয়েছে, তাতে কোষাগার ঘাটতিকে সাড়ে ৩ শতাংশে ধরে রাখা সম্ভব হয়েছে। রাজস্ব ঘাটতিও মোট জাতীয় আয়ের আড়াই শতাংশের মধ্যে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। আর্থিক যেসব সংস্কারের কথা নরেন্দ্র মোদি বলে আসছিলেন, এই বাজেটে তা পূরণের কোনো চেষ্টা অবশ্য নেই। আছে সরকারকে কৃষিপ্রেমিক প্রমাণের এক মরিয়া প্রচেষ্টা। বাজেটের আগের দিন ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেছিলেন, সোমবার তাঁরও পরীক্ষার দিন। সেই পরীক্ষায় উতরে যাওয়ার চেষ্টাই এই বাজেটে তিনি করলেন।