অস্ট্রেলিয়াও যোগ দেবে এআইআইবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উদ্যোগে গঠিত হতে যাওয়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে (এআইআইবি) যোগ দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া খুব শিগগির সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট গতকাল শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়া প্রস্তাবিত এই আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য হবে, নাকি শুধু সদস্য হিসেবে যোগ দেবে, সেটি এখনো পরিষ্কার নয়। তবে অস্ট্রেলিয়ার বর্তমান মনোভাবে উদ্বেগ জানিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো বলছে, দেশটি যাতে এই ব্যাংকে যোগ না দেয়, সে জন্য যুক্তরাষ্ট্র নানাভাবে চাপ দিয়ে যাচ্ছে। চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক সম্পর্কের কারণে নতুন ব্যাংকে তাদের যোগ দেওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিশ্লেষকেরা মনে করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে এ বিষয়ে বলেন, ‘আমরা সব সময়ই বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে যোগ দিয়েছি, যেগুলো সত্যিকার অর্থে বহুজাতিক। এমন কোনো প্রতিষ্ঠানে অস্ট্রেলিয়া যোগ দেবে না, যেগুলো একটি বিশেষ দেশের কূটনৈতিক স্বার্থ রক্ষা করে চলে।’
চলতি সপ্তাহে যুক্তরাজ্যও এআইআইবির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দেয়। তাতেও উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্য ব্যাংকটিতে যোগদানের কারণ হিসেবে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে। যুক্তরাজ্য যোগ দিলে তা হবে এশীয় দেশগুলোর বাইরে প্রথম রাষ্ট্র। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যাংক গঠনের কথা বলেছে চীন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, ‘এআইআইবিতে যোগ দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি। চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। তবে এটি সত্যিকার অর্থেই আরেকটি বহুজাতিক প্রতিষ্ঠান হয়ে উঠতে পারবে কি না, সেটিও আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে দেখব। চীনের এই উদ্যোগ দেশটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও শক্তিশালী করবে বলে আমরা মনে করি।’
২০১৪ সালের অক্টোবরে এআইআইবি গঠনের বিষয়ে ২১টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি ঘোষণা দেওয়া হয়। এতে বাংলাদেশও আছে। অন্য দেশগুলো হলো ব্রুনাই, কম্বোডিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কুয়েত, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম। চলতি বছরের শুরুতে এআইআইবির সদস্যদেশের সংখ্যা বেড়ে ২৬টি হয়েছে বলে জানায় চীন। নতুন এই ব্যাংকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে।
তবে এই ব্যাংকে যোগ না দেওয়ার ব্যাপারে অটল রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এশীয় উন্নয়ন ব্যাংকে সবচেয়ে বেশি মালিকানা রয়েছে এই মহাদেশে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ জাপানের।
যুক্তরাষ্ট্র মনে করে, নবগঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রকচার ইনভেস্টমেন্ট ব্যাংক নামের এই প্রতিষ্ঠান যথাযথভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পারবে না। এ জন্য দেশটি অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানসহ তার মিত্র দেশগুলোকেও এতে যোগ না দেওয়ার আহ্বান জানায়।
এআইআইবিতে যুক্তরাজ্যের যোগদানের বিষয়ে যুক্তরাষ্ট্র যে উদ্বেগ জানিয়েছে, সেটি ব্যাখ্যা করে ফাইন্যান্সিয়াল টাইমস-এর সম্পাদক লিওনেল বার্বার বলেন, ওয়াশিংটন ব্যাংকটির ঋণ দান ও ঋণ আদায়ে শিথিল মানদণ্ড এবং দুর্নীতির বিষয়ে চিন্তিত।
ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ ওসবর্ন নতুন ব্যাংকটিতে যোগ দেওয়ার বিষয়টিকে পৃথিবীর সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল বাজারে বিনিয়োগের অভূতপূর্ব সুযোগ বলে অভিহিত করেছেন। আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও মনে করেন, যুক্তরাষ্ট্র এবং জাপানও নতুন এই ব্যাংকে যোগ দেবে।
যুক্তরাজ্যের অংশগ্রহণে এই ব্যাংক বিশ্ব অর্থনীতিতে মার্কিন প্রভাব হ্রাসে ভূমিকা রাখবে বলে আশা করছে চীনা কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স ও বিবিসি।