আইএমএফের কাছ থেকে ঋণ সহায়তা পাবে না আফগানিস্তান
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, দেশটি এখন থেকে আর তাদের ঋণসহ কোনো ধরনের সহায়তা পাবে না। ২৩ আগস্ট সংস্থাটির কাছ থেকে ঋণের কিস্তি বাবদ দেশটির ৩৭ কোটি ডলার পাওয়ার কথা ছিল। তবে এখন আর তারা তা পাবে না।
আইএমএফের মুখপাত্র বলেছে, আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্বচ্ছতার অভাব থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, আগের মতো এবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বাইডেন সরকার জানায়, আফগানিস্তানের সাবেক গনি সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে কোনো সম্পদ রেখে থাকলে তালেবান তা পাবে না। যুক্তরাষ্ট্র এ ঘোষণা দেওয়ার পর আইএমএফ ওই সিদ্ধান্ত জানায়।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে তাদের যে ৭০০ কোটি ডলার সম্পদ রাখা আছে, মার্কিন সরকার তা উঠিয়ে নিতে দিচ্ছে না।
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আজমল আহমেদি এক টুইট বার্তায় বলেছেন, গত সপ্তাহ পর্যন্ত দেশটির রিজার্ভ ছিল ৯০০ কোটি ডলার। আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে, এই অর্থের বড় একটি অংশ ফেডারেল রিজার্ভ ও গোল্ড অফশোরে বিনিয়োগ করা হয়েছে। তিনি অপর এক টুইটে বলেন, তালেবান এখনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকায় তারা এ অর্থ ব্যবহার করতে পারবে না। তালেবান মোট রিজার্ভের শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ২ শতাংশ পর্যন্ত ব্যবহার করতে পারবে।
এদিকে ওয়াশিংটন আফগানিস্তানে ডলারের কাগুজে নোট প্রবেশ বন্ধ করে দেওয়ায় আফগান মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে গেছে। আন্তর্জাতিক হিসাবগুলোও জব্দ করা হয়েছে। ফলে মুদ্রার মান তর তর করে পড়ছে।
গত জুন মাসে আইএমএফ আফগানিস্তানকে সর্বশেষ ঋণের কিস্তি দিয়েছিল। সে মাসেই জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, তালেবানের অর্থের প্রধান উৎস হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড—মাদক পাচার, পপিগাছ থেকে আফিম উৎপাদন, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, খনিজ সম্পদ আহরণ ও নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে রাজস্ব আহরণ।
এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়নও আফগানিস্তানে অর্থ স্থানান্তর করবে না বলে জানিয়েছে।