আইএলওকে স্মারকলিপি দিয়েছে ৮ শ্রমিক সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসে নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, নিখোঁজদের প্রকৃত তালিকা প্রকাশ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন শেষে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংস্থাটির এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডির কাছে একটি স্মারকলিপি দিয়েছে আটটি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত এই সংগ্রাম পরিষদ।
গুলশান-২ এলাকায় আইএলও কার্যালয়ের সামনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করেন সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। এ সময় শ্রমিক নেতা ফয়েজ হোসেন, মাহাবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আখতার, মীর মোফাজ্জল হোসেন, শামীম ইমাম বক্তব্য দেন। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বক্তারা বলেন, ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের দুই বছর পূর্তি হচ্ছে। তবে আহত অনেক শ্রমিক এখনো চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠনগুলোর অনাগ্রহ ও সদিচ্ছার অভাবে সরকার কোনো সুনির্দিষ্ট মান নির্ধারণ না করেই বিভিন্নভাবে সাহায্য দিয়ে দুই বছর পার করেছে। শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী তাজরীনের মালিক দেলোয়ার হোসেন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর কোনো বিচার হচ্ছে না।
বক্তারা তাজরীন ও রানা প্লাজার দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শ্রমিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত, ক্ষতিপূরণ আদায় ও নিখোঁজদের প্রকৃত তালিকা প্রণয়নে সব পক্ষকে চাপ দিতে আইএলওকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।