আইসিসির সভাপতি হলেন সুনীল মিত্তাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল মিত্তাল
সুনীল মিত্তাল

সারা বিশ্বের ব্যবসায়ী চেম্বারগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতী এয়ারটেল গ্রুপের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল।
ভারতী এয়ারটেলের মালিকানাধীন প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত আইসিসির ওয়ার্ল্ড কাউন্সিলে অনুষ্ঠিত ভোটাভুটিতে সভাপতি নির্বাচিত হন সুনীল মিত্তাল। তিনি এসঅ্যান্ডপি গ্লোবালের চেয়ারম্যান টেরি ম্যাকগ্রার স্থলাভিষিক্ত হবেন।
সুনীল মিত্তাল বলেন, ‘এই সংগঠনের সব সদস্যকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ও বাণিজ্য প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাব। বিশ্ব অর্থনীতি এখন একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। এই সময়ে উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতি আনতে আমি বিশেষভাবে নজর রাখব।’
আইসিসি ছাড়াও সুনীল মিত্তাল বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ (ডব্লিউইএফ) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন।