আগামী বছর জ্বালানি তেলের দাম বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। বৈশ্বিক পণ্যবাজার নিয়ে সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৭ সালে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দর হতে পারে ব্যারেলপ্রতি প্রায় ৫৫ ডলার, যা চলতি বছর গড়ে ৪৩ ডলার থাকবে।
বিশ্বব্যাংক তার আগের পূর্বাভাসে উল্লেখ করেছিল, আগামী বছর তেলের দাম ব্যারেলপ্রতি ৫৩ ডলার হবে। তবে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক উৎপাদন কমিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় পণ্যটির দাম বাড়বে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের পূর্বাভাসে।
প্রতি তিন মাস পরপর বৈশ্বিক পণ্যবাজার নিয়ে ‘কমোডিটি মার্কেট আউটলুক’ নামের এক প্রতিবেদন প্রকাশ করা হয় বিশ্বব্যাংকের পক্ষ থেকে। এতে বিগত বছরগুলোতে পণ্যের দাম কত ছিল, আগামী বছরগুলোতে কত হতে পারে এবং কী কারণে হ্রাস-বৃদ্ধি হতে পারে, তা উল্লেখ করা হয়।
সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছর জ্বালানি তেলের পাশাপাশি শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধাতু, খনিজ পণ্য ও কৃষিপণ্যের দাম বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়। তবে সোনার দাম কিছুটা কমতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও কমোিডটি আউটলুকের প্রধান লেখক জন বাফেস বলেন, ‘আমরা জ্বালানির দাম বেশ কিছুটা বৃদ্ধির আশা করছি, যাতে নেতৃত্ব দেবে তেল।’ অবশ্য এ পূর্বাভাসে অনিশ্চয়তাও আছে বলে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, দেখতে হবে ওপেকের সিদ্ধান্তের কী হয়। তারা যদি তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে তেলের দাম অবশ্যই বাড়বে।
গত সেপ্টেম্বরে আলজেরিয়ায় অনুষ্ঠিত ওপেক দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের এক বৈঠকে তেলের উৎপাদন কমানোর বিষয়ে মতৈক্য হয়, যা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী মাস, অর্থাৎ নভেম্বরে অনুষ্ঠেয় ওপেক সম্মেলনে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০১৩ সালে জ্বালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছিল। এরপর তা কমতে কমতে গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে গড়ে ৩২ দশমিক ৭ ডলারে নেমেছিল। অবশ্য এরপর থেকে দর ধীরে ধীরে বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে গড় দাম ছিল ৪৫ ডলার।
কৃষিপণ্যের মধ্যে বাংলাদেশ ভোজ্যতেল, চিনি ও গম বিপুল পরিমাণে আমদানি করে। এসব পণ্যের মধ্যে কয়েকটির দাম কিছুটা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ বছর অপরিশোধিত সয়াবিন তেলের গড় দাম দাঁড়াবে টনপ্রতি ৭৯০ ডলার, যা আগামী বছর ৮১১ ডলার হতে পারে। অন্যদিকে অপরিশোধিত পাম তেলের গড় দাম এ বছরের তুলনায় টনপ্রতি ১০ ডলার বেড়ে ৭১০ ডলারে উঠতে পারে।
চিনির দর এখনই চড়া। আগামী বছর এ দর একই, অর্থাৎ গড়ে ৪০০ ডলার থাকবে। গমের দাম গড়ে ১৭৯ ডলারে উঠতে পারে, যা এ বছর ১৭০ ডলারে থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের পূর্বাভাসে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগামী বছর বিভিন্ন ধাতু খনিজের দাম ৪ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। বড় কয়েকটি খনির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় আগামী বছর দস্তার দাম প্রায় ২০ শতাংশ বাড়বে। এ ছাড়া অ্যালুমিনিয়াম, তামা, সিসা, নিকেল ও টিনের দামও বাড়বে। তবে লোহার দাম কিছুটা কমবে বলে মনে করছে বিশ্বব্যাংক।
সোনার দাম আগামী বছর কিছুটা কমবে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের পূর্বাভাসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রতি আউন্স সোনার দাম হতে পারে ১ হাজার ২১৯ ডলার, যা চলতি বছরের সম্ভাব্য গড় দামের চেয়ে ৩১ ডলার কম।