আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন চায় এলডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইরোবি ঘোষণার মধ্য দিয়ে গত শুক্রবার শেষ হলো বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। আর এবারের সম্মেলনে দৃশ্যমান ফলাফলের অন্যতম হচ্ছে ডব্লিউটিওর দুই নতুন সদস্য লাইবেরিয়া ও আফগানিস্তান।
প্রতিবারই এ রকম কিছু ঘোষণা বা সিদ্ধান্ত হলেও সেগুলোর বাস্তবায়ন না হওয়া নিয়ে অসন্তোষ রয়েছে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নত বিশ্বের কাছ থেকে দাবি আদায়ে বাংলাদেশের নেতৃত্বে এলডিসিভুক্ত দেশগুলো তাই ঐক্যবদ্ধ হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১৫ ডিসেম্বর ডব্লিউটিওর দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়। গত শুক্রবার শেষ দিনে কেনিয়ার নাইরোবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার আগে এলডিসিভুক্ত দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদের নিয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে দাবি আদায়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জেনেভায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ড এবং মিশনে নিযুক্ত মিনিস্টার মোস্তফা আবিদ খান এ সময় উপস্থিত ছিলেন।
ডব্লিউটিওর নতুন সদস্য হওয়ায় লাইবেরিয়া ও আফগানিস্তানকে অভিবাদন জানিয়ে এলডিসির বিভিন্ন বিষয়ে দেশ দুটি থেকে সহযোগিতা কামনা করেন তোফায়েল আহমেদ। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিওর আগের মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হওয়া জরুরি।