বাংলাদেশের সামনে এখন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে আঞ্চলিক সংযোগ বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে। তবে এ জন্য বাংলাদেশকে সড়ক, রেল, বন্দরসহ অবকাঠামো খাতে ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সদ্য প্রকাশিত ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। এতে সংগঠনটি অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
আইসিসিবির মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে আঞ্চলিক সম্প্রীতি কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সুবিধা আদায়ের সুযোগ রয়েছে। তাই দেশের অব্যাহত প্রবৃদ্ধির উন্নতি ঘটানোর একটি সহজতম পথ হচ্ছে, আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রীতি জোরদার করা। এ জন্য দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পণ্য, সেবা ও বিনিয়োগের পথ সহজ করা দরকার। এগুলো সম্ভব হলে কর্মসংস্থান তৈরি হবে।
আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন আইসিসিবি বলছে, ২০১৩ সাল থেকে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিআইসিএম) মধ্যে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রয়েছে। তারপরও এ ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে। কারণ বিশেষজ্ঞরা মনে করেন, বিআইসিএম করিডোর এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিটি দেশেরই সমানভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। পরিবহন, জ্বালানি, টেলিযোগাযোগ নেটওয়ার্কের সংযোগ এই অঞ্চলকে সমৃদ্ধিশালী এক অঞ্চল হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
আইসিসিবি মনে করে, আঞ্চলিক সংযোগের মাধ্যমে চীনের কুনমিং প্রদেশ ভারতের কলকাতা, বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম এবং মিয়ানমারের মান্দালয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে। এর ফলে উন্নত সংযোগ গড়ে উঠবে, যা বাণিজ্যকে সহজতর করবে। এর মাধ্যমে এসব দেশের মধ্যে একে অপরের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে এবং চার দেশেরই লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে।
আইসিসিবির বুলেটিনে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি, প্রটোকল এবং সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় প্রতিবেশী দুই দেশের মধ্যে রেল ও বাস চলাচল শুরু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে মোটরযান সংযোগ চুক্তি হয়েছে। এ ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের অনেক উন্নতি করার প্রয়োজন আছে।
আইসিসিবি বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতে ছয়টি চুক্তি হয়েছে। চীন এরই মধ্যে বাংলাদেশের বড় বড় বেশ কিছু অবকাঠামো প্রকল্পে সম্পৃক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী পাঁচ বছরে চীন অন্যান্য দেশে অতিরিক্ত ৫০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ, ১০ ট্রিলিয়ন (১০ লাখ কোটি) ডলার সমমূল্যের পণ্য আমদানি করবে। এখান থেকে বড় ধরনের সুযোগ গ্রহণ করতে পারে বাংলাদেশ।