আদালত অবমাননার জন্য বিজয় মাল্য দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় মাল্য
বিজয় মাল্য

ভারতের সুপ্রিম কোর্ট ব্যবসায়ী বিজয় মাল্যকে আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করেছেন। আদালতের আদেশ অমান্য করে সন্তানদের নামে চার কোটি মার্কিন ডলার স্থানান্তরের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
বিজয় মাল্যকে আগামী ১০ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ দেন আদালত। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি ইউ ইউ ললিত এই আদেশ দেন।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) নেতৃত্বে কয়েকটি ব্যাংকের কনসোর্টিয়াম বিজয় মাল্যর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের আবেদনে বলা হয়েছিল, গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডিয়াজিওর কাছ থেকে বিজয় মাল্য ৪ কোটি ডলার পাওয়া সত্ত্বেও তা দিয়ে ঋণ মেটানোর কোনো চেষ্টা করেননি। বরং ওই অর্থ তিনি নিজের সন্তানকে হস্তান্তর করেছেন।
বিজয় মাল্য গত বছরের মার্চে দেশ থেকে পালিয়ে যুক্তরাজ্যে চলে যান এবং এখনো সেখানেই আছেন। তাঁর বিরুদ্ধে ঋণ নিয়ে খেলাপি হওয়া এবং অর্থ পাচার মিলিয়ে একাধিক মামলা চলছে। এ-সংক্রান্ত অর্থের পরিমাণ ৯ হাজার কোটি ভারতীয় রুপি। নিজের প্রতিষ্ঠান কিংফিসার এয়ারলাইনসের নামে ঋণ নিয়ে খেলাপি হন তিনি।
—রয়টার্স ও বিজনেস স্ট্যান্ডার্ড