আন্তর্জাতিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে আসার পক্ষে রায় যাওয়ার পরদিন শুক্রবারই বিশ্ব অর্থনীতিতে তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রভাব নিরূপণে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব পর্যায়েই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন ও বিশ্লেষণ করার পাশাপাশি পূর্বাভাস দেওয়াও শুরু হয়ে গেছে। এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কাই করা হচ্ছে বেশি।
যুক্তরাজ্যের মুদ্রা ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের বিনিময় হারে শুক্রবার রীতিমতো ধস নেমেছে। বৈশ্বিক শেয়ারবাজারে বড় দরপতন ঘটেছে। কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দামও। তবে সোনার দামটাই একটু বেড়েছে—ব্রেক্সিট গণভোটের পরে বিশ্ব অর্থনীতিতে আশাবাদ বলতে শুধু এটাই ছিল শুক্রবার।
বৈশ্বিক রেটিং এজেন্সি বা ঋণমান নিরূপণকারী সংস্থা মুডিস ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে যে গণভোটের পরিণতিতে যুক্তরাজ্যের অর্থনীতিতে মধ্যম মেয়াদে প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। আর দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং বা ঋণমান বর্তমান স্থিতিশীল অবস্থা থেকে ‘নেতিবাচক’ হয়ে যেতে পারে।
এদিকে ইইউর প্রেসিডেন্ট জ্যঁ–ক্লদ ইয়ুংকার বলেছেন, ‘এটি যুক্তরাজ্যের কোনো বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ নয়। কিন্তু তা আবার গভীর ভালোবাসায় পূর্ণ বিদায়ও নয়।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার বিষয়ে (ব্রিটিশ এক্সিট, যা ব্রেক্সিট নামে পরিচিত) যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার গণভোট অনুষ্ঠিত হয়। এতে দেশটির ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে ভোট দেন।
গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা নিশ্চিত হওয়ার জেরে শুক্রবার বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের হোঁচট খেয়েছে।
ইউরোপে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ৩ দশমিক ১৫ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ৮ দশমিক ০৪ শতাংশ, স্পেনের মাদ্রিদের আইবিএক্স ৩৫ সূচক ১২ দশমিক ৩৫ শতাংশ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ৬ দশমিক ৮২ শতাংশ, ইতালির মিলানের এফটিএসই-এমআইবি সূচক ১২ দশমিক ৪৮ শতাংশ, গ্রিসের এথেন্সের এথেক্স সমন্বিত সূচক ১৩ দশমিক ৪২ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ডাউ জোন্স সূচক ৬১০ পয়েন্ট বা ৩ দশমিক ৪ শতাংশ, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর ৫০০ সূচক প্রায় ৭৬ পয়েন্ট বা ৩ দশমিক ৬ শতাংশ খুইয়েছে। গত বছরের আগস্টের পর এটিই এ দুটি সূচকের সবচেয়ে বড় পতন। মার্কিন শেয়ারবাজারের নাসড্যাক কম্পোজিট সূচক কমেছে ২০২ পয়েন্ট বা ৪ দশমিক ১ শতাংশ; যা ২০১১ সালের পর সর্বোচ্চ পতন।
এশিয়ায় জাপানের নিক্কি ২২৫ সূচক ৭ দশমিক ৯২, চীনের সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ৩, হংকংয়ের হেংসেং সূচক শূন্য দশমিক ৭৬, দক্ষিণ কোরিয়ার সিউলের কোস্পি সূচক ৩ দশমিক ০৯, অস্ট্রেলিয়ার সিডনির এএসএক্স ২০০ সূচক ৩ দশমিক শতাংশ বেড়েছে।
মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের বিনিময় হার এক দিনে কমেছে ৮ শতাংশ। ফলে পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ৩৬ ডলার। এটি ১৯৮৫ সালের পরে গত ৩১ বছরের মধ্যে ডলারের বিপরীতে পাউন্ডের সর্বনিম্ন দাম।
জ্বালানি তেলের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৪৮ দশমিক ৪১ ডলারে নেমেছে।
বিনিয়োগকারীদের অনেকেই মুদ্রা ও শেয়ারবাজার ছেড়ে ‘সেফ হ্যাভেন’ খ্যাত সোনা কেনার প্রতি ঝুঁকে পড়ায় এ দামি ধাতুটির দাম এক লাফে ৫৯ দশমিক ৩০ মার্কিন ডলার বা ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। ফলে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৩২২ মার্কিন ডলারে উঠেছে।