আন্তর্জাতিক উন্নয়নে রাজনৈতিক নেতৃত্ব হবে গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ নির্ধারণের আন্তরাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন  (সর্ব বাঁয়ে) সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ নির্ধারণের আন্তরাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন (সর্ব বাঁয়ে) সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য

বিশ্ব উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের জন্য আগামী দিনে প্রয়োজন আর্থসামাজিক রূপান্তরের আকাঙ্ক্ষা, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছার জোরালো প্রকাশ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ নির্ধারণের আন্তরাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকের প্রথম অধিবেশনে এ কথা বলেন।
এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ৪৮টি গবেষণা সংস্থার সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক-সাউদার্ন ভয়েস অন পোস্ট-এমডিজিস-এর সভাপতি দেবপ্রিয় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আমন্ত্রণে এ সভায় যোগ দেন।
অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ নির্ধারণ প্রক্রিয়ার দুই সঞ্চালক কেনিয়ার রাষ্ট্রদূত মাচারিয়া কামাও এবং আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ডেভিড ডনোহিউ।
২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডার সঙ্গে যে রাজনৈতিক ঘোষণা আসবে, তাতে কী কী বিষয় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, সে বিষয়ে বক্তব্য দেন দেবপ্রিয়। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সম্পদ বরাদ্দ, সার্বিক বাস্তবায়ন প্রক্রিয়ায় ব্যক্তি খাত ও অন্যান্য বেসরকারি বিভিন্ন পেনশাজীবীর অংশগ্রহণের সুযোগ, সুষ্ঠু জবাবদিহি প্রক্রিয়া স্থাপন এবং কার্যকর পরিবীক্ষণ ও পর্যালোচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ব নেতৃত্বকে অবশ্যই উন্নয়ন সহযোগিতায় অংশীদারত্বের প্রস্তাবিত নতুন কাঠামোর প্রতি আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
দেবপ্রিয় আরও বলেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন অংশীদারত্বের সাফল্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে বিভিন্ন ক্ষেত্রে চলমান আন্তর্জাতিক আলোচনার দ্রুত ও সফল নিষ্পত্তি। এসব আলোচনার মধ্যে রয়েছে বিশ্ববাণিজ্য, প্রযুক্তি স্থানান্তর, জলবায়ু পরিবর্তন, মেধাস্বত্ব, কর ব্যবস্থাপনা ও আর্থিক খাত নিয়ন্ত্রণ।
২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা অনুমোদনের এবং তার গতিশীল বাস্তবায়নের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি রাজনৈতিক সদিচ্ছার দৃশ্যমান প্রকাশের আহ্বান জানান দেবপ্রিয়।