আফগান অর্থনীতির সামনে কী
আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি এগিয়ে চলেছে মূলত সাহায্যের ওপর ভিত্তি করে। তালেবানদের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক মাস আগেই বিশ্বব্যাংকের এক পর্যালোচনায় এ উদ্বেগের কথায় উঠে এসেছিল। এর মধ্যে গত রোববার আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানদের হাতে। ভবিষ্যতে আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তার তৈরি হওয়ায় অর্থনৈতিক সম্ভাবনাগুলো আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় সামনে কী অপেক্ষা করছে আফগান অর্থনীতির জন্য, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
দক্ষিণ এশিয়ায় ১৯৪ কোটি মানুষের বাস। এর মধ্যে ২ শতাংশ বা ৩ কোটি ৯০ লাখ মানুষের বাস আফগানিস্তানে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে প্রবৃদ্ধিতে সবচেয়ে পিছিয়ে আফগানিস্তান। আফগানিস্তানে যথেষ্ট খনিজ সম্পদ আছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি তা কাজে লাগাতে বাধা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আফগান রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টিকারী বিভিন্ন কারণ বিশ্লেষণ করে এবং সম্ভাব্য সমাধানগুলো নিয়ে আলোচনা করেন, যা এ অঞ্চলে টেকসই শান্তির পথ প্রশস্ত করতে পারে। তবে এই ফোকাস অর্থনীতির গুরুত্বকে কমিয়ে দেয় এবং এখন এটাই সত্য যে আফগানিস্তানের সমস্যা যতটা রাজনৈতিক, ততটাই অর্থনৈতিক।
দেশটির সাহায্যনির্ভরতা আকর্ষণীয়। ২০১৯ সালে বিশ্বব্যাংকের পরিসংখ্যান দেখায়, উন্নয়নসহায়তা মোট জাতীয় আয়ের ২২ শতাংশের সমান। এটি একটি উচ্চ পরিসংখ্যান, তবে বিশ্বব্যাংক ১০ বছর আগে এক প্রতিবেদনে বলেছিল, এ সহায়তা ৪৯ শতাংশ। যা–ই হোক, তালেবান আবার দখল নেওয়ায় এ সাহায্যপ্রবাহ গভীর অনিশ্চয়তার পড়ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকি মাশ গত সপ্তাহে ব্রডকাস্টার জেডডিএফকে বলেন, ‘যদি তালেবান দেশটি দখল করে নেয় এবং শরিয়া আইন প্রবর্তন করে, তবে আমরা আর এক পয়সাও দেব না।’ অন্য সাহায্যদাতারাও নিশ্চিতভাবে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছে।
বিশ্বব্যাংক দেশটির যে ভঙ্গুরতাকে বোঝায়, তালেবানদের দখলের আগে তা হলো নিরাপত্তার ওপর উচ্চ মাত্রার ব্যয়। আফগানিস্তানে এ ব্যয় জিডিপির ২৯ শতাংশ, যা অন্য নিম্ন আয়ের দেশগুলোর ক্ষেত্রে গড়ে মাত্র ৩ শতাংশ। নিরাপত্তা ও দুর্নীতি আফগানিস্তানের আরও দুটি স্থায়ী সমস্যা। এ ছাড়া রয়েছে খুবই দুর্বল বিদেশি ব্যবসায় বিনিয়োগ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত দুই বছর নতুন বিনিয়োগের কোনো ঘোষণা ছিল না দেশটিতে।
আফগানিস্তানের বেসরকারি খাতকে সংকীর্ণ—এমনটা মনে করে বিশ্বব্যাংক। কর্মসংস্থান কম, উৎপাদনশীলতা কৃষিকেন্দ্রিক, ৬০ শতাংশ পরিবার কৃষি থেকে কিছু আয় করে। দেশটির একটি বড় অবৈধ অর্থনীতিও রয়েছে। অবৈধ খনি খনন, আফিম উৎপাদন এবং চোরাচালানের মতো সংশ্লিষ্ট কার্যক্রম রয়েছে। মাদকের ব্যবসা তালেবানদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।
২০০১ সালে মার্কিন বাহিনীর হাতে যাওয়ার পর থেকে আফগান অর্থনীতি কিছু বৃদ্ধি পায়। আফগানিস্তানের পরিসংখ্যান নির্ভরযোগ্য নয়। তবে বিশ্বব্যাংক জানায়, তারা দেখেছে, ২০০৩ সাল থেকে পরবর্তী ১০ বছরে গড় বার্ষিক প্রবৃদ্ধি ৯ শতাংশের বেশি ছিল দেশটিতে। এরপর ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রবৃদ্ধির গড় হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ধীর হয়ে যায় অর্থনীতির গতি। দেশটির উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। উন্নত নিরাপত্তা এবং কম দুর্নীতির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ব্যবসার জন্য যা ব্যাপক আকর্ষণীয়। তামা, কোবাল্ট, কয়লা, লৌহ, আকরিকসহ যথেষ্ট পরিমাণে বিভিন্ন ধরনের খনিজ পাওয়া যায়। এ ছাড়াও আছে তেল, গ্যাস ও মূল্যবান পাথর। আকর্ষণীয় সম্ভাবনার একটি হলো লিথিয়াম। এই ধাতু মোবাইল ডিভাইস এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। বর্তমানে কার্বনবিহীন গাড়ি তৈরিতে মনোযোগ দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানি। এ অবস্থায় এটি তাদের জন্য খুবই আকর্ষণীয়।
২০১০ সালে একজন শীর্ষ মার্কিন জেনারেল নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, আফগানিস্তানের খনিজ সম্ভাবনা ‘অত্যাশ্চর্য’। মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছিল, দেশটি ‘লিথিয়ামের সৌদি আরব’ হয়ে উঠতে পারে।
এখন দেশটির সামনে কী রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, তালেবান ক্ষমতায় আসায় চীন আফগানিস্তান নীতিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে। কারণ, পশ্চিমা দেশগুলোর চেয়ে চীনের সঙ্গে তালেবানদের সম্পর্ক অপেক্ষাকৃত ভালো। এর আগে চীনা কোম্পানিগুলো তামা ও তেল উত্তোলনে কাজের জন্য চুক্তি জিতেছিল। অবশ্য তেমন বেশি এগোতে পারেনি। তবে এটা আশা করা যায়, চীন বিনিয়োগে আগ্রহী হবে। খুব উল্লেখযোগ্য সুযোগ রয়েছে চীনের জন্য। কারণ, দেশ দুটি নিজেদের মধ্যে সীমানার কিছু অংশও ভাগ করে নেয়। তবে যেকোনো চীনা কোম্পানি তখনই এগোয়, যখন তারা সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকে। তারা এগিয়ে আসতে অনিচ্ছুক হবে, যদি তারা মনে করে, নিরাপত্তা ও দুর্নীতির সমস্যার কারণে তারা খনিজ সম্পদ উপযুক্ত পরিমাণ বের করতে সক্ষম হবে না।
অবশ্য কেবল চীন নয়, সব বিনিয়োগকারীর জন্য একটি মূল প্রশ্ন যে তালেবানরা তাদের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে পূর্ববর্তী আফগান সরকারের চেয়ে বেশি সক্ষম হতে পারবে কি না। কারণ, তালেবান দখলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আর্থিক স্থিতিশীলতা নিয়ে প্রচুর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যাংক থেকে নগদ তুলে নিচ্ছে মানুষ। পাকিস্তানভিত্তিক আফগান ইসলামিক প্রেস রিপোর্ট করেছে, তালেবান মুখপাত্ররা ব্যাংক মালিক, মানি চেঞ্জার, ব্যবসায়ী ও দোকানদারদের আশ্বাস দিচ্ছে যে তাদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকবে। তবে এরপরও মানুষ খুব বেশি আশ্বস্ত হতে পারছে না।
সূত্র: বিবিসি অনলাইন, দ্য ডন