আফগান সংকটের তাপ লাগছে প্রতিবেশীদের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলে এটিএম থেকে অর্থ তুলতে লম্বা লাইন
ফাইল ছবি: এএফপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, আফগানিস্তানের অর্থনৈতিক সংকট প্রতিবেশী দেশ তুরস্কসহ ইউরোপে শরণার্থী সংকটকে বাড়িয়ে তুলতে পারে। চলতি বছর দেশটির অর্থনীতি প্রায় ৩০ শতাংশ সংকুচিত হবে। ফলে অসংখ্য মানুষ দরিদ্র হয়ে পড়বে। এমনকি মারাত্মক মানবিক সংকটের মুখে পড়তে পারে দেশটি। ইতিমধ্যে তাজিকিস্তান সীমান্তে কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আর বিপুল পরিমাণ শরণার্থী গ্রহণের সামর্থ্য রাখে না। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফ জানিয়েছে, আফগানিস্তানের প্রতিবেশীরাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ, তারা বাণিজ্যের জন্য এর তহবিলের ওপর নির্ভর করে। আফগানিস্তানের অর্থনীতি বৈদেশিক সাহায্যনির্ভর ছিল। যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী ওইসিডি দেশগুলো ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানকে ৬ হাজার ৫০০ কোটি ডলার অনুদান দিয়েছে, যার বেশির ভাগই ইরান, পাকিস্তান, তুর্কমিনিস্তান ও উজবেকিস্তানে বাণিজ্যের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।

বিদেশি সম্পদ জব্দ ও অধিকাংশ মানবিক সহায়তা বন্ধ থাকায় আফগানিস্তানে নগদ অর্থের প্রবাহ বন্ধ হয়ে গেছে। আইএমএফ মনে করছে, আফগান শরণার্থীর চাপ প্রতিবেশী দেশগুলোতে জনসাধারণের সম্পদের ওপর চাপের সৃষ্টি করতে পারে। এমনকি জ্বালানি ও শ্রম বাজারের ওপর যে চাপ পড়বে, তা সামাজিক উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যের প্রয়োজনীয়তাকে তুলে ধরবে।

ঠিক কত মানুষ শরণার্থী হয়ে গেছে, তা পরিষ্কার না হলেও আইএমএফের পর্যালোচনায় দেখা গেছে, যদি আরও ১০ লাখ মানুষ শরণার্থী হয়ে যায়, তাদের জন্য তাজিকিস্তানের কমপক্ষে ১০ কোটি, ইরানে ৩০ কোটি ও পাকিস্তানের ৫০ কোটি ডলার ব্যয় হবে। গত মাসে তাজিকিস্তান বলেছিল যে আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পেলে তারা বিপুলসংখ্যক শরণার্থী গ্রহণের সামর্থ্য রাখে না, অন্যদিকে মধ্য এশিয়ার দেশগুলো বলেছে যে তাদের শরণার্থীদের আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

আইএমএফ আরও সতর্ক করেছে যে দেশটিতে এখন যে তহবিল যাচ্ছে, তা সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের মতো কাজে ব্যবহৃত হতে পারে।

গত সপ্তাহে আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে সহায়তা দেওয়ার ব্যাপারে একমত হয়েছে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০। তারা জানায়, এ সহায়তা নিয়ে যদি তালেবানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হয়, সেটাও করবে এই জোট। ১০০ কোটি ইউরো (১২০ কোটি মার্কিন ডলার) তহবিল সংগ্রহের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈঠক আহ্বান করে। ওই বৈঠকে একমত হন নেতারা। বলা হয়, এ তহবিল আফগানিস্তানে জরুরি মানবিক চাহিদা পূরণ ও প্রতিবেশী যেসব দেশ পালিয়ে যাওয়া আফগান নাগরিকদের আশ্রয় দিয়েছে, তাদের দেওয়া হবে।