‘আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজমল আহমেদি
ছবি: টুইটার থেকে পাওয়া

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করতেই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরে পালিয়ে যান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমেদিও। গভর্নরের পালিয়ে যাওয়ার খবরে দেশটির মুদ্রার রেকর্ড দরপতন হয়। ডলারের বিপরীতে আফগান মুদ্রার দর কমেছে ১ দশমিক ৭ শতাংশ। গতকাল মঙ্গলবার ১ ডলার সমান সাড়ে ৮৩ আফগান মুদ্রা হয়।

গত রোববার মার্কিন মিলিটারি প্লেনে করে নাটকীয়ভাবে বাকি যাত্রীদের সঙ্গে আফগানিস্তান ত্যাগ করেন আহমেদি। ওই দিন দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় আহমেদির করা একটি টুইট ভাইরাল হয়। ওই টুইটে তিনি বলেন তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে। দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোনো ডলার তাঁকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

দেশ ছাড়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি আশা করেছিলেন যে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা কার্যকর হওয়া পর্যন্ত দেশটি আরও সময় পাবে। তিনি আরও বলেন, ‘আমেরিকানদের চলে যাওয়ার অধিকার ছিল, যদিও বেশির ভাগ আফগান চেয়েছিল, তারা থাকুক। তবে এটি বাস্তবায়নের জন্য আরও দীর্ঘ সময় নেওয়া উচিত ছিল।’

এ সময় আফগান সামরিক বাহিনী তাদের দেশের জন্য লড়াই করতে ব্যর্থ হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেন আহমেদি। বিবিসির ভিক্টোরিয়া ক্রেগ ও উইল বেইনকে তিনি বলেন, ‘আমি এ ঘটনাকে তালেবানের সামরিক বিজয় বলার যোগ্য মনে করি না। আমি বরং এটিকে একটি কৌশলী বিজয় হিসেবে বলতে চাই। এমন একটি বিজয়, যেখানে তারা আত্মসমর্পণের জন্য মানুষকে বোঝাতে বা চুক্তি করতে সক্ষম হয়েছে।’

আজমল আহমেদি আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও অল্প সময় দায়িত্ব পালন করেছিলেন। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ব্যাপক মাত্রার দুর্নীতি কর্তৃপক্ষের প্রতি আস্থা ক্ষুণ্ন হওয়ার একটি অন্যতম কারণ ছিল। তিনি বলেন, ‘আফগান সরকারের উল্লেখযোগ্য দুর্নীতি ছিল, তা অস্বীকার করতে পারব না, এটি সত্য। তবে এটি কমাতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। মাত্র কয়েক বছরের ব্যবধানে সব দুর্নীতি রোধ করা খুবই কঠিন।’

দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতা সাম্প্রতিক ঘটনার কারণ কি না, জানতে চাইলে আহমেদি বলেন, ‘এটা কি একমাত্র কারণ ছিল? আমি মনে করি, এটি একটি প্রধান কারণ ছিল। তবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত জেলমি খালিজাদ যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল, সেটিও এ ঘটনার জন্য অন্যতম কারণ।’
এখন অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে জানিয়ে আহমেদি বলেন, ‘আমি মনে করি, অর্থনৈতিক অবস্থার অবনতি হবে। আশঙ্কা করছি, দাতাদের সাহায্যপ্রবাহ আগামী কয়েক মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে মুদ্রার অবমূল্যায়ন হবে।’