আবারও ঝিমিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবারও কিছুটা ঝিমিয়ে পড়েছে। ২০১৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশটির প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ, যা লক্ষ্যমাত্রা ২ দশমিক ৬ শতাংশের চেয়ে কম। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।
২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় তাই চতুর্থ প্রান্তিকে ভালো প্রবৃদ্ধির আশা করেছিল। তবে ব্যবসায়িক কর্মকাণ্ড যথেষ্ট গতি না পাওয়ায় শেষ পর্যন্ত প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হিসেবে চতুর্থ প্রান্তিকে আমদানি ব্যয় বৃদ্ধি ও সরকারি ব্যয় কমে যাওয়াকে প্রধান হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবৃদ্ধি কমলেও মার্কিন অর্থনীতির সামগ্রিক অবস্থাকে ভালো বলেই মনে করছেন মার্কিন অর্থনীতিবিদেরা। কারণ হিসেবে তাঁরা বলছেন, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে থাকায় সাধারণ নাগরিকেরা অন্যান্য খাতে বেশি অর্থ ব্যয় করতে পারছে, যেটি ইতিবাচক। মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির ৭০ শতাংশ গ্রাহক ব্যয়ের ওপর নির্ভরশীল। সাধারণ মানুষের হাতে ব্যয় করার জন্য বাড়তি অর্থ থাকাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।
বেকারত্ব আগের চেয়ে কমে আসাকেও মার্কিন অর্থনীতির জন্য ইতিবাচক মনে করা হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকঋণের সুদ হার প্রায় শূন্যের কাছাকাছি রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, আসছে গ্রীষ্মে সুদের এ হার বাড়ানো হতে পারে।
ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেন চলতি সপ্তাহে জানান, মার্কিন অর্থনীতি উন্নতির পথেই আছে। তবে কর্মবাজার এখনো স্থিতিশীলতা পায়নি বলে মনে করেন তিনি। সূত্র: বিবিসি